মুন্সীগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার ভাঙনে রোববার মাওয়া ১নম্বর ফেরিঘাটও নদীতে তলিয়ে গেছে। এর আগে বিলীন হয়েছে ২নম্বর ফেরিঘাট।
সন্ধ্যা ৭টার দিকে এ ভাঙনের সময় পন্টুন ও তীরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন মানুষ নদীতে ছিটকে পড়ে। তাদের মধ্যে এক টং দোকানিসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার খালিদ বলেন, নিখোঁজ পাঁচ জনের মধ্যে রয়েছেন টং দোকানি বাইরন মিয়া (৪৫) ও আবুল কাসেম (৪০)। বাকিদের পরিচয় জানা যায়নি।
নদী তীরের পাঁচটি দোকানও মালামালসহ বিলীন হয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক মো. আজিজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিআইডব্লিউটিএ’র ডুবুরিদল এবং দমকল বাহিনী তলব করা হয়েছে। ফেরি চলাচল সচল রাখতে সবরকম চেষ্টা অব্যাহত আছে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদী ভাঙনের কারণে বর্তমানে সচল একমাত্র ৩ নম্বর ফেরিঘাটটিও হুমকির মুখে রয়েছে। এই রো রো ফেরিঘাট দিয়েই ১৩টি ফেরি চলাচল করছে ঝুঁকি নিয়ে।
তিনি বলেন, একই কারণে গত ৯ অক্টোবর প্রথমে মাওয়া ২ নম্বর ফেরি ঘাট বন্ধ হয়ে যায়। পরদিন কিছু অংশ ভেঙে পড়ায় এবং ফাটল দেখা দেয়ায় এই ১নম্বর ঘাটও বন্ধ হয়ে যায়।
জরুরি মেরামতের করে ৮ ঘণ্টা পর আবার ফেরিটি চলাচল শুরু হয়। কিন্তু পাঁচ দিনের মাথায় পুরো ঘাটই তলিয়ে গেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১২৫ ঘ.
bdnews24