গাজীপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে রোববার এক বাস চালককে জবাই করেছে দুর্বৃত্তরা। এ সময় এলাকাবাসী এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে।
দুপুরে নান্দুয়াইন গ্রামে খুন হন বাস চালক বাদল খান (৪২)। বাদল ঝালকাঠির নলছিটি উপজেলার নগরবাড়ি গ্রামের প্রয়াত মো. সাবদুল খানের ছেলে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে নান্দুয়াইন গ্রামের পিএসটিসি হাসপাতালের পাশের গজারী বনে দুর্বৃত্তরা বাদল খানকে জবাই করে।
পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন রক্তাক্ত ছোরাসহ চানমিয়াকে আটক করে পুলিশে দেয়।
নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স দেখে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে খুনের কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এই ঘাটনায় জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে, বলেন এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০১০ ঘ.
bdnews24