ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুনে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খন্দকার মো. সিফায়েতুল্লাহর অফিস কক্ষ।
মহাপরিচালকের কক্ষে স্থাপিত সিসিটিভি সার্ভার বক্স থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় তলায় অবস্থিত মহাপরিচালকের কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। অধিদপ্তরের কর্মকর্তারা অগ্নিনির্বাপণ বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ওই কক্ষ ছাড়া আশপাশের কোনো কক্ষে আগুন দেখা যায়নি।
মো. সিফায়েতুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বসার চেয়ারে ডান পাশে সিসিটিভির সার্ভার বক্স পুড়ে গেছে। দেয়ালের প্লাস্টার, কক্ষে রক্ষিত ফাইল, এয়ারকন্ডিশনার ও লাইটসহ সব পুড়ে গেছে।
“আগুন নিয়ন্ত্রণে আনার পর আমার কক্ষ চিনতেই কষ্ট হচ্ছিল, সব ধ্বংস হয়ে গেছে,” বলেন তিনি।
তবে পুড়ে যাওয়া ফাইল ও সার্ভারের বিকল্প থাকায় এর কোনো প্রভাব পড়বে না বলে জানান মহাপরিচালক।
তিনি বলেন, “এ রুমে থাকা ফাইল ও সিসিটিভির সার্ভারের ব্যাকআপ কপি করা আছে, এ কারণে তেমন একটা সমস্যা হবে না।”
আগুনের উৎস সম্পর্কে অগ্নিনির্বাপণ বাহিনীর তেজগাঁও স্টেশন অফিসার আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্ষের যে স্থানে সিসিটিভি সার্ভার ছিল সেখানে বড় ধরনের ক্ষতি হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, এটা থেকেই আগুনের উৎপত্তি হতে পারে।”
এদিকে ঘটনার পর স্বাস্থ্য অধিপ্তর এলাকার নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচএ/এইচএএইচ/২৩৩৩ ঘ.
bdnews24