২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে টিকিট মিললেও ভিড় বাড়ছে

কমলাপুরে রোববার আসা বেশিরভাগ যাত্রী বাড়ি ফেরার কাঙ্খিত ট্রেনের টিকিট পেয়েছেন। তবে সোমবার থেকে টিকিট হাতে পেতে ‘যুদ্ধ’ করতে হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলাপুরে রোববার আসা বেশিরভাগ যাত্রী বাড়ি ফেরার কাঙ্খিত ট্রেনের টিকিট পেয়েছেন। তবে সোমবার থেকে টিকিট হাতে পেতে ‘যুদ্ধ’ করতে হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ঈদ ও পূজার চুটিকে সামনে রেখে রোববার ছাড়া হয়েছে ২৩ অক্টোবরের অগ্রিম টিকেট। ধৈর্য্য ধরে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিকিট হাতে নিয়ে ফিরেছেন বেশিরভাগ মানুষ। সকাল ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকেট কিনতে আসা স্কুল শিক্ষক মোসাদ্দেক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকেট পেলাম। আমার সঙ্গে থাকা অন্যদেরও টিকেট পেতে কোনো সমস্যা হয় নি।” মোসাদ্দেক আলীর সঙ্গে গলা মিলিয়ে ব্যবসায়ী লতিফুজ্জামান বলেন, “এতক্ষণ দাঁড়িয়ে থাকাটাই শুধু কষ্টের। কিন্তু অন্য কোনো ঝামেলা ছাড়া টিকেট পাওয়া গেছে তাতেই আমি খুশি।” তবে গত ঈদের তুলনায় এবারে অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিনে ভিড় তুলনামূলক কম বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে রেলওয়ে অনুসন্ধান কেন্দ্রে দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলকর্মী বিডিনিউজকে বলেন, “এবার ট্রেন ভাড়া বাড়ায় নিম্নআয়ের মানুষের ভিড় তুলনামূলক কম। তাই যারা আসছেন, তাদের সবাই টিকেট পাচ্ছেন। কোনো অভিযোগ নেই।” তবে বিষয়টি অস্বীকার করে স্টেশন ম্যানেজার মো. খায়রুল বশীর বিডিনিউজকে বলেন, “এবার মানুষের ছুটি কম থাকায় ভিড়টাও কম। আর ভাড়া যেটা বেড়েছে তা মানুষের সামর্থের মধ্যেই আছে। মনে রাখতে হবে, গত ২০ বছরে এই প্রথম ভাড়া বাড়লো।” ২৪ ও ২৫ তারিখের টিকেটের জন্য সবচেয়ে বেশি ভিড় হবে বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৬৪৫ ঘ.