ঝালকাঠী, অক্টোবর ১৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর রাজাপুর উপজেলায় সার্বজনীন দূর্গা মন্দিরের নির্মাণাধীন প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে হাইলাকাঠী পাটিকর পাড়ায় এ ভাংচুর হয়।
পূজা কমিটির সভাপতি ঝন্টু পাটিকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত পৌনে ২টার দিকে কুকুরের ডাকাডাকিতে ঘুম ভেঙে যায়। এ সময় মন্দিরের গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পাই।”
মহিষাসুর ছাড়া অন্য মূর্তিগুলো কমবেশি ভাঙা অবস্থায় পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, প্রতিমাগুলো নির্মাণের শেষ পর্যায়ে ছিল।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিমা ভাঙচুরের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪০ ঘ.
bdnews24