ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় গ্রেপ্তার আরো পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে হেফাজতে পাঠিয়েছে আদালত।
কামরুল হাসান অরুণ, রফিক, বকুল, সাঈদ ও মিন্টু পেয়াদা নামের এই পাঁচজন চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলারও আসামি। এদের মধ্যে অরুণ হলেন ডা. নিতাইয়ের গাড়িচালক। আর বাকিরা পেশাদার ডাকাত বলে এর আগে জানিয়েছিল পুলিশ।
তাদের সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে র্যাব ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে রোববার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।
এদের মধ্যে প্রথম চারজনের শুনানি হয় সকালে। এর অন্য একটি মামলায় রিমাান্ড শেষে বিকালে মিন্টুর বিষয়ে শুনানি হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের কনিষ্ঠ আইনজীবী আব্বাস উদ্দিন মাতুব্বর আসামিদের পক্ষে শুনাননি করেন।
এজলাসে দাঁড়িয়ে আসামিরা এবং আদালত প্রাঙ্গণে তাদের পরিবারের সদস্যরা দাবি করেন, সাগর-রুনি হত্যা মামলার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নন।
রিমান্ড আবেদনের বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী বলেন, “আমরাও সাগর-রুনির হত্যাকারীদের বিচার চাই। তবে কেন প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করে এই আসামিদের মিথ্যা অসামি করা হয়েছে।”
আসামিদের ডিএনএ পরীক্ষা করার জন্য আমেরিকায় পাঠানো হয়েছে জানিয়ে আব্বাস বলেন, “আগে ওই পরীক্ষার রিপোর্ট আসুক, তারপর রিমান্ডে নেওয়া হোক।”
বাংলাদেশে রিমান্ডের নামে আসামিদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয় বলেও আদালতে অভিযোগ করেন এই আইনজীবী।
শুনানি শুরুর আগে আদালতে দাঁড়িয়ে আসামি কামরুল বলেন, “আমরা নির্দোষ। সাগর-রুনির নামও কোনদিন জানতাম না। আমরা কেউ ওই সাংবাদিকদের খুন করি নাই। আমাদের কেন আসামি করা হলো?”
এ কথা বলেই হাউমাউ করে কাঁদতে শুরু করেন কামরুল।
অপর আসামি বকুল বলল, “অহেতুক আমাদের গ্রেপ্তার করা হয়েছ। এখন রিমান্ডে নিয়ে আমাদের মেরেও ফেলা হবে।”
তাদের কান্নার শব্দে বিচারক বললনে, “আপনার কান্না থামান। কেঁদে কোনো লাভ নেই। শুনানি শুরু হলে আপনাদের কথা শোনা হবে।”
এ সময় আদালত কক্ষের বাইরের বারান্দায় দাঁড়িয়ে আহাজারি করছিলেন সাঈদের স্ত্রী তৃপ্তি বেগম।
তিনি দাবি করেন, “আমার স্বামী নির্দোষ। সে চোর না, খুনি না। সে সাংবাদিকদের খুন করে নাই। রিমান্ডে নিয়ে আমার স্বামীরে মেরে ফেলা হবে। সাংবাদিক ভাইরা, আমার স্বামীকে বাঁচান।”
পরিবারের সদস্যদের দাবি, বকুল পেঁয়াজের এবং রফিকুল কাঁচামালের ব্যবসা করতেন। আর সাইদ রাস্তায় পপকর্ন বিক্রি করতেন।
গত ৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডে ‘জড়িত’ আটজনকে সনাক্তের দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
তাদের মধ্যে তানভীর নামে একজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে মন্ত্রী বলেন, তিনি নিহত সাংবাদিক দম্পতির পারিবারিক বন্ধু।
এ হত্যাকাণ্ডে সাগর-রুনির বাসভবনের পাহারাদার রুদ্র ওরফে পলাশকেও গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
তানভীর ও রুদ্রকে ১০ অক্টোবর একই আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক পাঁচ দিন করে হেফাজত মঞ্জুর করেন।
এই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে সাগর-রুনির বাড়ির আরেক পাহারাদার হুমায়ুন ওরফে এনামুলকেও সনাক্ত করা গেছে জানিয়ে তাকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণার কথা জানিয়েছেন মন্ত্রী।
মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন। হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবিতে সাংবাদিকদের সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭২০ ঘ.
bdnews24