চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তা সংস্কারের দাবিতে জমে থাকা পানিতে মাছ ছেড়েছে চট্টগ্রাম শহরের মৌলভী পুকুরপাড়ের বাসিন্দা ও পরিবহন মালিকরা।
রোববার সকালে চট্টগ্রামের আরাকান সড়ক নামে পরিচিত গুরুত্বপূর্ণ বহদ্দারহাট-কালুরঘাট সড়কে তারা এ কর্মসূচি পালন করেন।
এর আগে গত ৩ অগাস্ট খানা-খন্দে ভরা সড়কটি সংস্কারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে ধানের চারা রোপন করেছিলেন এলাকার বাসিন্দারা।
সকাল দশটা থেকে ‘যাত্রীসেবা পরিবহন মালিক সমিতি, চট্টগ্রাম’ -এর ব্যানারে আয়োজিত প্রায় এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসীও অংশ নেয়।
নগরের সঙ্গে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও পার্বত্য উপজেলা কাপ্তাই ও দক্ষিণ চট্টগ্রামের একাংশের যোগাযোগের প্রধান সড়ক এই আরাকান সড়ক। এই সড়কের কালুরঘাট থেকে বহদ্দারহাট পর্যন্ত অংশ ভেঙে গেছে।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সড়ক দিয়ে সংসদ সদস্য, মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা নিয়মিত চলাচল করে কিন্তু দুই বছরেও এই সড়কের কোনো উন্নয়ন কাজ হয়নি। তাই প্রতিবাদ হিসেবে সড়কে জমে থাকা পানিতে কৈ মাছ ছাড়লাম।
যাত্রী সেবা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাঙ্গা রাস্তার কারণে উত্তর চট্টগ্রাম ও বোয়ালখালীর যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
“ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকছে। ধুলাবালিতে যাত্রীদের শ্বাসকষ্টের সৃষ্টি হচ্ছে। এছাড়া প্রতিনিয়ত গর্তে পড়ে গাড়ি নষ্ট হচ্ছে।”
তিনি জানান, শনিবার বিকেল থেকে তিনটি রুটের বাস-মিনিবাস ও হিউম্যান হলার চলাচল বন্ধ রয়েছে।
মানববন্ধন চলাকালে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও পরিবেশমন্ত্রী ড. হাসান মাহমুদ গাড়িবহর নিয়ে ওই সড়ক দিয়ে যাবার সময় স্থানীয়রা হাত উঁচু করে তাদের কছে সড়ক সংস্কারের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/ ইউএস/এসইউ/১৪৫৫ ঘ.
bdnews24