২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্য সহায়তা

উপকূলীয় এলাকায় গত বুধবার আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তিন মাস খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় এলাকায় গত বুধবার আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তিন মাস খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (এএইচ মাহমুদ আলী) রোববার তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রতি মাসে ২০ কেজি করে তিন মাস এই খাদ্য সহায়তা পাবে। এছাড়া ভোলা ও নোয়াখালী জেলায় জরুরি ভিত্তিতে গৃহনির্মাণে দশ লাখ করে মোট ২০ লাখ টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনে আরো সহায়তা দেওয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, বুধবার মধ্যরাতের পর উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ৩৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ভোলায় ১১ জন, নোয়াখালীতে ১৭ জন, চট্টগ্রামে চারজন এবং কক্সবাজারে দুইজন মারা গেছেন। এছাড়া ঝড়ে ২৪৫ জন আহত এবং ১১ জন নিখোঁজ হয়েছেন বলে মন্ত্রী জানান। যদিও মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিখোঁজের সংখ্যা ৬২ জন। ঝড়ের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ত্রুটি বা গাফিলতি রয়েছে কিনা, তা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করেছে সরকার। মাহমুদ আলী বলেন, তদন্ত কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওইদিন যথাযথভাবে পূর্বাভাস দেওয়া হয়েছে কি না, দেওয়া হয়ে থাকলেও কোনো ত্রুটি ছিল কি না- তা খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রী ক্ষতিগ্রস্ত ছয় জেলার ১৬ উপজেলায় সরকারের পক্ষ থেকে খাদ্য ও নগদ সহায়তা এবং গৃহনির্মাণ মঞ্জুরি বরাদ্দ এবং বিতরণের চিত্রও সংবাদ সম্মেলনে তুলে ধরেন। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে জানিয়ে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দুজন যুগ্ম-সচিবকে দুটি বেশি ক্ষতিগ্রস্ত জেলার ত্রাণ কার্যক্রম তদারকি করতে পাঠানো হচ্ছে। এদের মধ্যে মুনীর চৌধুরী যাবেন নোয়াখালী এবং গৌতম কুমার রায়কে ভোলার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও গবাদি পশু-পাখির সংখ্যা নিরূপণে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দেওয়া তালিকার ভিত্তিতে আরো সাহায্যের প্রয়োজন হলে সরকার তা দেবে বলে মন্ত্রী উল্লেখ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার রাতের ওই ঝড়ে ছয় জেলার ১৬ উপজেলার ছয় হাজার ৫৭৮টি পরিবার সম্পূর্ণ এবং ১২ হাজার ৪৫৩টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোট আট হাজার ১০৪টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫১টি শিক্ষা প্রতিষ্ঠান। ঝড়ে ১৮ হাজার একর জমির ফসল সম্পূর্ণ এবং ১৮ হাজার ২০ একর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৩৫৫ ঘ.