২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নীল নকশার নির্বাচন করতে দেয়া হবে না’

দলীয় সরকারের অধীনে ‘নীল নকশার’ নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সরকারের অধীনে ‘নীল নকশার’ নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শনিবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক সমাবেশে তিনি এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে ১৮ দলীয় জোট কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ আয়োজন করে। এতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির সরকারের আমলে দেশে কোনো জঙ্গিবাদ ছিল না দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের কাছে কোনো ধর্মই আজ নিরাপদ নয়। হলমার্ক, ডেসটিনি ও শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জড়িত বলে অভিযোগ করেন তিনি। জেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইব্রাহিম, জামায়াতের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, এলডিপির মহাসচিব রেদোয়ান আহাম্মেদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ মিজান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৪৪ ঘ.