ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
নিহত সাফিয়া বেগম (৫০) নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা। তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় ফেরি করে কাগজের মালা বিক্রি করতেন বলে পুলিশ জানায়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বেলা ১২টার দিকে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনের রাস্তা পার হওয়ার সময় আজমিরি পরিবহনের একটি বাস সাফিয়াকে ধাক্কা দেয়।
পুলিশের এক সদস্য গুরুতর আহত সাফিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চালক আলমগীর হোসেন ভূইয়াকে আজমিরি পরিবহনের ওই বাসসহ আটক করা হয়েছে বলে জানান এসআই সালাউদ্দিন।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে ডেমরা কোনপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের সপ্তমতলা থেকে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) হোসেন আলী খন্দকার জানান, নির্মাণাধীন শপিংমলের ছাদে উঠার পর রুহুল আমিন (১৮) নামের ওই শ্রমিক হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত হয়।
রুহুলের গ্রামের বাড়ি গাইবান্ধায়। ময়নাতদন্তের জন্য তার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২০২৫ ঘ.
bdnews24