গোপালগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের দাওয়াত দেয়াকে কেন্দ্র করে সদর উপজেলার দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে সদর উপজেলার কাঠি ইউনিয়নের কাঠি ও খানারপাড় গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, খানারপাড় গ্রামের লুৎফর রহমান মিয়ার মেয়ের বিয়েতে ওই গ্রামের মঞ্জেল মোল্লাকে দাওয়াত না দিয়ে তার শ্যালক কাঠি গ্রামের মোজা মোল্লাকে দাওয়াত দেয়া হয়।
শুক্রবার বিয়ের অনুষ্ঠানে মোজা মোল্লা এলে লুৎফর মিয়ার পক্ষে লোকজন তাকে উদ্দেশ্য করে গালমন্দ করে।
মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় রাতে মোজা মোল্লা কাঠি বাজারে লুৎফর মোল্লার ছেলের কাছে বিচার চান। এ নিয়ে দুই জনের মধ্যে কথাকাটাকাটির জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে এক পর্যায়ে সংঘর্ষ লাগে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড গুলি ও দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুকে টেটাবিদ্ধ পলাশ শেখকে (২০) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের গোপালগঞ্জ, ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০২৩ ঘ.
bdnews24