সাভার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
আহত হয়েছে আরেক সন্ত্রাসী এবং পুলিশের গোয়েন্দো শাখার (ডিবি) কয়েকজন সদস্য।
শনিবার বিকালে ডিবি’র একটি দল সন্ত্রাসীদের ধরতে নরসিংহপুরের ধনাইদে অভিযান চালালে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে পালানোর সময় সাত সন্ত্রাসীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা জেলা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে ধনাইদ এলাকায় অভিযান চালাকালে তাদের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি শুরু হয়।
এ সময় দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক সন্ত্রাসীর মৃত্যু হয়।
আরেকজনকে আইসিইউতে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বলেন, গোলাগুলি এখনো চলছে।
এদিকে গোলাগুলির সময় সন্ত্রাসীদের একটি দল মাইক্রোবাসে উঠে উত্তরার দিকে পালানোর সময় আশুলিয়া ব্রিজের উপরে অবরোধ দেয় আশুলিয়া থানা পুলিশ। সেখানেও কয়েক দফা গুলিবিনিময় হয়।
পরে আশুলিয়া পুলিশ ফাঁড়ির সদস্য স্থানীয় জনতার সহায়তায় সাত সন্ত্রাসীকে আটক করে।
এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে আট রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধার হয়েছে কিনা তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৯৪০ ঘ.
bdnews24