মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
সুনামগঞ্জ থেকে ফিরে
ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব প্রযুক্তিতে প্রচলিত পদ্ধতির চেয়ে মাত্র এক-তৃতীয়াংশ অর্থ ব্যয়ে সুনামগঞ্জ হাওর এলাকায় টেকসই সড়ক অবকাঠামো গড়ে তুলেছেন দেশের প্রকৌশলীরা।
সুনামগঞ্জের জেলেদের উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের অধীনে চলমান সমাজভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের (সিবিআরএমপি) আওতায় এই সড়ক নির্মাণ করা হয়।
বালু, সিমেন্ট ও পাথর দিয়ে তৈরি ‘ব্লক’ বসিয়ে নির্মিত এ সড়কের নাম দেওয়া হয়েছে ‘ব্লক রোড’।
সুনামগঞ্জ সদর উপজেলার নারাইনপুর এলাকার দুর্গম হাওরে পরীক্ষামূলকভাবে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই ‘ব্লক রোড’ তৈরি করা হয়েছে। প্রায় তিন বছর আগে তৈরি এই সড়ক তিন বর্ষা মওসুমে পানিতে ডুবলেও এর তেমন কোনো ক্ষতি হয়নি।
স¤প্রতি সুনামগঞ্জ হাওর এলাকায় গিয়ে প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত স্বল্প দৈর্ঘ্যরে এই ব্লক রোড চোখে পড়ে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষার পানিতে এ সড়কটি প্রায় দুই মাস ডুবে থাকলেও এর তেমন কোনো ক্ষতি হয়না। দু’একটি ব্লক ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো সহজেই সরিয়ে নেয়া যায়। এতে অন্য ব্লকের কোনো ক্ষতি হয়না। ফলে অল্প অর্থ ব্যয়ে সড়ক সংস্কার করা যায়।
নারাইনপুর মোড়ের মুদি দোকানি সুরুজ আলী ও পল্লী চিকিৎসক আজিজুল হক জানান, ব্লক রোড হওয়ায় এখন তারা কোন সমস্যা ছাড়াই প্রধান সড়কে যেতে পারেন। এর আগে নৌকা ছাড়া যাওয়া ছিল অত্যন্ত দুষ্কর।
নৌকায় আনা-নেওয়া করায় আগে তারা কৃষিপণ্যের ন্যায্য দাম পেতেন না। ব্লক রোড হওয়ায় এখন তারা ইচ্ছেমতো বাজারে গিয়ে পণ্য বিক্রি করতে পারেন।
ওমান ফেরত আনোয়ার আলম ও গ্রামের চাষী আলীম মিয়া জানান, আগে বাড়িতে যাওয়ার একমাত্র বাহন ছিল নৌকা। এতে শিশুদের অনেক কষ্ট করে স্কুলে যেতে হতো। এখন ব্লক সড়ক হওয়ায় এলাকার সব শিশুই হেটে স্কুলে যেতে পারছে।
বিল ইজারার অংশীদার জেলে মুহিবুর বলেন, “হাওরে সিবিআরএমপি প্রকল্পের কর্মকা- মানুষকে সংগঠিত করেছে। প্রভাবশালীদের নিয়ন্ত্রণ থেকে মানুষকে রক্ষা করেছে। মাছের চাষ এবং মাছ রক্ষার মাধ্যমে সাধারণ মানুষের আয় বাড়িয়েছে।
“সেইসঙ্গে তাদের সম্পদ বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে মানুষ করে গড়ে তোলারও সুযোগ করে দিয়েছে।”
সিবিআরএমপি’র স্থানীয় সমন্বয়কারী আব্দুল হাই চৌধুরীর জানান, এ পর্যন্ত ১৯০ কিলোমিটার ব্লক রোড তৈরি করা হয়েছে হাওর এলাকায়। দেশের অন্যান্য স্থানেও এ ধরনের সড়ক নির্মাণের সুপারিশ করকেন তারা।
তিনি বলেন, হাওরের নরম মাটিতে সিমেন্ট, পাথর ও বালুর তৈরি ব্লক বসিয়ে নির্মিত এই সড়ক অত্যন্ত কার্যকর। কারণ এসব এলাকার সড়কগুলো বছরের অধিকাংশ সময়ই থাকে পানির নিচে। পানিতে ডুবে গেলেও এই ব্লক সড়কের তেমন কোনো ক্ষতিই হয় না।
তিনি আরো বলেন, “প্রচলিত পদ্ধতিতে কার্পেটিং করে বিটুমিন ব্যবহার করে নির্মাণ করা সড়ক এ এলাকায় অকার্যকর। পানিতে ডুবলেই সড়কের বিটুমিন উঠে যায়। ফলে পানির নামার পর সড়ক ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।”
অন্যদিকে কোনো কারণে দু’একটি ব্লক ভেঙে গেলে বা উঠে গেলে তা পুনঃস্থাপন করা যায় অনায়াসে। এতে পুরো সড়ক মেরামতের প্রয়োজন হয় না। ফলে ন্যূনতম ব্যয়ে ব্লক রোডকে জনগণের ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব।
স্থানীয় সমন্বয়কারী আব্দুল হাই চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, ৫০০ মিটার ব্লক রোড তৈরি করতে ব্যয় হয় মাত্র ১১ লাখ টাকা। তিন বছর আগে সদর উপজেলার নারাইনপুরে এক কিলোমিটার ব্লক রোড তৈরি করতে খরচ হয় মাত্র ২০ থেকে ২২ লাখ টাকা, যা প্রচলিত পদ্ধতিতে সড়ক নির্মাণ খরচের তিন ভাগের একভাগ।
কিশোরগঞ্জ সদরের উপজেলা প্রকৌশলী শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচলিত পদ্ধতিতে কার্পেটিং করে বিটুমিনের ব্যবহার করে এক কিলোমিটার সড়ক নির্মাণে ন্যূনতম ব্যয় ৫৫ লাখ টাকা। আর সর্বোচ্চ ব্যয় হয় ৯০ লাখ টাকা পর্যন্ত।
তিনি আরো জানান, এক্ষেত্রে গ্রামীণ অবকাঠামো অনুযায়ী আড়াই মিটার প্রস্থের সড়ক নির্মাণে ব্যয় হয় ৫৫ থেকে ৬০ লাখ, ইউনিয়ন পর্যায়ের অবকাঠামো অনুযায়ী তিন মিটার চওড়া সড়কের জন্য ব্যয় হয় ৬৫ থেকে ৭০ লাখ টাকা এবং উপজেলা পর্যায়ের অবকাঠামো অনুযায়ী পৌনে চার মিটার প্রস্থ সড়কের জন্য কিলোমিটার প্রতি ব্যয় হয় ৮০ থেকে ৯০ লাখ টাকা।
তার মতে, হাওর এলাকার জন্য কোনভাবেই কার্পেটিং এবং বিটুমিনের সড়ক কার্যকর নয়। এসব ক্ষেত্রে আগে প্রচলিত পদ্ধতিতে আরসিসি পিলার করে সড়ক নির্মাণ করা হতো। তা তেমন টেকসই হয়না। এক্ষেত্রে বিকল্প পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
আব্দুল হাই চৌধুরী বলেন, সিবিআরএমপি’র প্রকৌশলীরা প্রচলিত পদ্ধতির বাইরে নিজস্ব প্রযুক্তি এবং কৌশল প্রয়োগ করে পরীক্ষামূলকভাবে এক কিলোমিটার সড়ক নির্মাণ করেছেন । এই সড়ক অত্যন্ত কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। হালকা যানবাহনও চলছে এর ওপর দিয়ে। কিন্তু তিন বছরেও এর বড় কোনো সংস্কারের প্রয়োজন হয়নি।
তিনি মনে করেন, ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে পুরো হাওর এলাকার সড়ক অবকাঠামো নির্মাণ করা হলে তা হবে অত্যন্ত সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী। এতে সরকারের ন্যূনতম দুই-তৃতীয়াংশ ব্যয় কমবে। স্বল্প অর্থ ব্যয়ে ও সীমিত সম্পদ ব্যবহারে হাওরবাসীর যোগাযোগ সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব হবে।
সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ বলেন, যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় হাওরের মানুষ মানবেতর জীবন যাপন করে থাকে। নিজস্ব প্রযুক্তিতে ব্লক রোড নির্মাণ করা গেলে অনেক কম ব্যয়ে বেশি যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা যাবে। যা হাওরবাসীকে স্বস্তি দেবে।
এ ব্যাপারে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান এই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯১১ ঘ.
bdnews24