বেনাপোল, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাঁচ বছর কারাভোগের পর শুক্রবার নয় বাংলাদেশি দেশে ফিরেছেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
শনিবার বেনাপোল পোর্ট থানার মাধ্যমে তাদের নিজ নিজ বাড়ি পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেরত আসা ব্যক্তিরা ভাল কাজের প্রলোভনে বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারত যায়। দিল্লিতে কাজের সন্ধানে ঘোরাঘুরি করার সময় পুলিশ তাদের আটক করে।
এরপর আদালত তাদের পাঁচ বছর করে কারাদণ্ড দিলে চলে যান দিল্লির তিহার কারাগারে।
সাজার মেয়াদ শেষে ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের ফেরত পাঠানো হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন বাগেরহাটের আব্দুল কুদ্দুস (২৮), হেলেনা (২৬), সুমন শেখ (২২), মাসুম (২৮), সোহাগ (২৩), মান্নান হাওলাদার (২৮), শরিয়তপুরের সোহেল (২৮), কুমিল্লার আনোয়ার হোসেন (২৪) এবং গোপালগঞ্জের শাহ আলম (৩১)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/ডিডি/১৭২৭ ঘ.
bdnews24