২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ৪৮ ঘণ্টা চিকিৎসা বন্ধ

হামলা ও মারধরের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে শরীয়তপুর সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ ঘণ্টার জন্য সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

শরীয়তপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলা ও মারধরের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে শরীয়তপুর সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ ঘণ্টার জন্য সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। সদর হাসপাতাল থেকে শুক্রবার রাতে একটি মরদেহ বহনের জন্য অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে শরীয়তপুর সিভিল সার্জনসহ ছয়জনকে মারধর এবং হামলার অভিযোগ করে ডাক্তাররা। এ ঘটনায় রাতেই সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল ফজল মাস্টারেরর ছেলেসহ অজ্ঞাত পরিচয় আরো ২০/২৫ জনকে আসামি করে পালং থানায় একটি মামলা করা হয়েছে। শনিবার সকালে ছয় উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ, বিক্ষোভ ও সমাবেশ করে স্বারকলিপি দিয়েছেন। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. সিফাত জাহান শশী ও প্রক্ষদর্শীরা জানান, শরীয়তপুর সোনালী ব্যাংকের কর্মকর্তা ইলিয়াছ আহম্মেদ মোল্যা হৃদরোগে আক্রান্ত হলে শুক্রবার রাতে তাকে সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শশী বলেন, লাশ নেয়ার জন্য সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল ফজল মাস্টারের ছেলে অনু ও তার ভাতিজা রতনসহ ৪/৫ জন তার কাছে (ডা. শশী) একটি অ্যাম্বুলেন্স চায়। “এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অনু ও রতনসহ ২০/২৫ জন জরুরি বিভাগে হামলা চালিয়ে দরজা ও জানালা ভাংচুর করে। একটি ল্যাপটপ ও অফিসের জরুরি কাগজপত্র নিয়ে যায়,” বলেন শশী। তিনি বলেন, হামলার শিকার হন শরীয়তপুর সিভিল ডা. আব্দুল ওহাব হাওলাদার, ডা. সিফাত জাহান (শশী), সহকারী কমিউিনিটি মেডিকেল অফিসার নাজমূল হোসেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শিহাবুল ইসলাম, এমএলএসএস বাচ্চু ও সুইপার দুলাল। খবর পেয়ে পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়। এর প্রতিবাদে শনিবার সকালে ছয় উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স, ক্লিনিকের মালিক ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি সদর হাসপাতাল থেকে শুরু হয়ে উত্তর বাজার গিয়ে সিভিল সার্জনের কার্যালয়ে এসে সমাবেশ করে। সমাবেশে হামলার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে জরুরি বিভাগ ছাড়া ৪৮ ঘণ্টার জন্য সদর হাসপাতালসহ ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণা দেন তারা। সমাবেশ শেষে শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে বিচার দাবিতে স্বারকলিপি দেওয়া হয়। পালং থানার ওসি মো. রবিউল আলম বলেন, সিভিল সার্জন বাদী হয়ে উপজেলা চেয়ারম্যানের ছেলে অনু, ভাতিজা রতন, আতিক সজিব, সৈকতসহ আরো ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে পালং থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল ফজল মাস্টার বলেন, “আমার ছেলে কোনো ডাক্তারকে মারধর তো দুরের কথা ওখানে ছিলই না। নিহতের স্বজনদের সঙ্গে ডাক্তারদের কথা কাটাকাটি হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৫ ঘ.