চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার শিংনগর সীমান্ত থেকে আহত ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। বিকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে বিজিবি।
নিহত আব্দুল হান্নান (২৫) উপজেলার আইয়ুব বিশ্বাসের টোলা চরহাসানপুর গ্রামের তফজুল মিয়ার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আবু নাঈম সাংবাদিকদের বলেন, ভোর সোয়া ৪টার দিকে শিংনগর সীমান্তের ১৭২ নং পিলারের কাছ দিয়ে হান্নান ভারতের ভেতর প্রবেশ করে। এ সময় মালদহ ২০ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের জওয়ানরা তাকে ধরে ক্যাম্পে নিয়ে প্রচণ্ড মারধর করে সকাল সাড়ে ৬টার দিকে শূন্য রেখায় ফেলে রেখে যায়।
স্থানীয়রা উদ্ধার করে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার পথে বিকাল সাড়ে ৪টার দিকে হান্নান মারা যান,” বলেন বর্ডার গার্ড বাংলাশে-বিজিবির এই কর্মকর্তা।
সীমান্তে গুলিতে বাংলাদেশি হত্যার ঘটনায় দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা বরাবরই প্রতিবাদ জানিয়েছে। তখন সীমান্তরক্ষীদের কাছে ‘প্রাণঘাতী নয়’ এমন অস্ত্র সরবরাহ করার ব্যাপারে দু’দেশ একমত হয়। এছাড়া পিটিয়ে মানুষ হত্যার অভিযোগও রয়েছে বিএসএফের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১৪ ঘ.
bdnews24