২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান ‘বিলুপ্ত’ করার হুমকি অর্থমন্ত্রীর

ব্যবস্থাপনায় উন্নতি না হলে জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিলুপ্ত করার হুমকি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

সিলেট, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবস্থাপনায় উন্নতি না হলে জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিলুপ্ত করার হুমকি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে সরাসরি বিমানের একটি বোয়িং ৭৭৭ বিমান অবতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতো অযোগ্য, অদক্ষ প্রতিষ্ঠান বাংলাদেশে আর নেই। এ সংস্থাটি যদি তাদের ব্যবস্থাপনায় কোনো উন্নতি সাধন না করতে পারে, তবে তা বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য হবে সরকার।” বিমানের নানা অব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। বিমানের সেবার মান নিয়ে সবাই সোচ্চার- এমন মন্তব্য করে মুহিত বলেন, শুধুমাত্র ‘দেশের বৃহত্তর স্বার্থের’ কথা ভেবে এ রকম ‘অদক্ষ’ একটি প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা হচ্ছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানান, লন্ডন থেকে সরাসরি সিলেটে আসলেও ‘রিফ্যুয়েলিংয়ের’ ব্যবস্থা না থাকায় এখনই সিলেট থেকে সরাসরি লন্ডনে যেতে পারবেন না প্রবাসীরা। তবে আগামী ৬ মাসের মধ্যে বিমানের উড়োজাহাজ সিলেট থেকে সরাসরি লন্ডনে যাবে বলে আশ্বাস দেন তিনি। মন্ত্রী বলেন, “এর জন্য সব ধরনের প্রস্তুতি সরকার হাতে নিয়েছে।” তিনি জানান, আগামী ১১ অক্টোবর সিলেট থেকে হজ ফ্লাইট শুরু হবে। এ কারণে লন্ডন থেকে আপাতত সপ্তাহে একটি বিমান চলাচল করবে। তবে হজ মৌসুম শেষে সপ্তাহে দুটি করে এই রুটে বিমান চলাচল করবে। অন্যদের মধ্যে সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সৈয়দ মহসিন আলী, সৈয়দা জেবুন্নেছা হক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। গত বছরের ১৬ ডিসেম্বর কুয়াশার কারণে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বিমানের সিলেট-লন্ডন-দুবাই ফ্লাইট বন্ধ করে দেয়া হয়। এর প্রতিবাদে প্রবাসী বাংলাদেশি ও ট্রাভেল এজেন্টরা তীব্র আপত্তি জানায়। তাদের দাবির মুখে ৯ মাস পর সিলেট-লন্ডন বিমান চলাচল শুরু হলো। রোববার সকাল ৮টা ৪০মিনিটে লন্ডন থেকে ৪৭৪ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে বিমানের ‘পালকি’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৫০ ঘ.