নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদা বাড়তে থাকলেও বাংলাদেশে মরণোত্তর কর্নিয়া সংগ্রহের হার কম বলে মনে করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব আই অ্যান্ড টিস্যু ব্যাংকের প্রেসিডেন্ট মাহমুদ ফারাজদাঘি।
এক সাক্ষাৎকারে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের ‘দুটি’ উদ্যোগ ও একটি ‘বিশেষ’ মনোযোগই পারে হাজার হাজার মানুষের চোখে আলো দান করতে।
ফেডারেশনটির স্বীকৃত বাংলাদেশের দুটি চক্ষু ব্যাংক পর্যবেক্ষণ করতে এসেছেন ফারাজদাঘি। মরণোত্তর চক্ষু দেয়ার ক্ষেত্রে ধর্ম কোনো বাধা নয় বলে তিনি মনে করেন।
১৯৮৪ সাল থেকে বাংলাদেশে কর্নিয়া সংগ্রহ কার্যক্রম পরিচালনাকারী সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মতে, দেশে তালিকাভুক্ত বার্ষিক ৮০০টি কর্নিয়ার চাহিদার বিপরীতে মাত্র ১০০টি সংগ্রহ করা যায়।
প্রকৃত চাহিদা অনেক বেশি উল্লেখ করে ফারাজদাঘি জানান, তার হিসেবে প্রতিবেশী ভারতের তুলনায় বাংলাদেশে বর্তমানে পাঁচ লাখ কর্নিয়াজনিত অন্ধ রয়েছে।
বিষয়টির প্রতি কেউ মনযোগ না দেয়ায় প্রতিবছরই এ সংখ্যা বাড়ছে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, “এটি অন্ধত্বের প্রতি অবহেলা। কেউ এটাকে অগ্রাধিকার দিচ্ছে না। চক্ষু বিশেষজ্ঞ, সরকার এবং এমনকি রোগিরাও এ বিষয়ে মনোযোগ দেয় না।”
চক্ষু সার্জনরাও জনগণকে সচেতন করতে বেশি সময় দেয় না মন্তব্য করে ফারাজদাঘি বলেন, ছানির অপারেশনের চেয়ে কর্নিয়া প্রতিস্থাপন জটিল হওয়ায় তারা এ বিষয়ে কম জোর দেয়। ছানি অন্ধত্বের প্রধান কারণ হওয়ায় বাংলাদেশে তা প্রধান অগ্রাধিকার পাচ্ছে।
“বেশির ভাগ ক্ষেত্রেই এক চোখে কর্নিয়াজনিত অন্ধত্ব দেখা দেয় বলে রোগীরা এটাকে অবহেলা করেন।”
সন্ধানী কর্মকর্তাদের মতে, তারা প্রধানত প্রতিশ্রুতিবদ্ধ দাতাদের কাছ থেকে কর্নিয়া সংগ্রহ করেন এবং কর্নিয়া দানের জন্য মৃত রোগিদের আত্মীয়-স্বজনদেরও উদ্বুদ্ধ করেন।
ফারাজদাঘি বলেন, সন্ধানীর উচিত একটি সম্মিলিত উদ্যোগ নেয়ার জন্য সবাইকে একত্র করা। সরকারি কর্তৃপক্ষের সঙ্গে তাদের কাজ করতে হবে এবং সরকারকেও দুটি উদ্যোগ নিতে হবে।
“এক্ষেত্রে সরকার এমন একটি নির্বাহী আদেশ জারি করতে পারে যার ভিত্তিতে হাসপাতালে কেউ মারা গেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ কর্নিয়া সংগ্রহকারী প্রতিষ্ঠানকে খবর দেবে। সেক্ষেত্রে তারা মৃতের স্বজনদের এ কর্নিয়া দানের বিষয়ে উদ্বুদ্ধ করার সুযোগ পাবে।”
এর বাইরে আরেকটি আইনি নির্দেশনার প্রয়োজন হবে বলেও জানান ফারাজদাঘি। সেটি হলো- ময়নাতদন্তের জন্য কারো মরদেহ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা কর্নিয়া চক্ষু ব্যাংককে দেয়ার ক্ষমতা রাখবেন।
অনেক দেশেই এ ধরনের চর্চা হচ্ছে বলেও জানান তিনি।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব আই অ্যান্ড টিস্যু ব্যাংকের প্রেসিডেন্ট বলেন, মুসলিমসহ অন্য মানুষের মধ্যে ভুল বিশ্বাস কাজ করে। ধর্ম অঙ্গ-প্রত্যঙ্গ দানে কোনো বাধা দেয় না। এটা প্রমাণ, জ্ঞান ও উদ্বুদ্ধকরণে ঘাটতির কারণে ঘটে। আমাদের উচিত মানুষকে প্রকৃত তথ্য জানানো।
এ সম্পর্কে মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুফতি ও ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ফতোয়ার উল্লেখ করেন তিনি।
মানুষকে শিক্ষিত করা ও তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার উপরও জোর দেন ফারাজদাঘি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এএল/২৩১৯ ঘ.
bdnews24