ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- নির্বাচনকালীন সরকারের প্রধান হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করার পর প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক শনিবার রাতে দীর্ঘ বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে।
খালেদার গুলশানের বাসভবনে অনুষ্ঠিত দুই ঘণ্টার এই বৈঠকে রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি বলে ব্যারিস্টার রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সোয়া ৮টা থেকে ১০টা পর্যন্ত রফিক-উল হক খালেদা জিয়ার বাসভবনে ছিলেন।
এইদিন দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে নির্বাচনকালীন সরকারের প্রধান হতে নিজের ইচ্ছার কথা জানান দেশের প্রধান দুই রাজনীতিকের আইনজীবী। দুই নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগের কথাও বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন তিনি।
কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উত্তরবঙ্গও সফর করেন এরশাদের আমলের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক। ওই সফরে সরকারের শরিক জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদও ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গী।
দুপুরের ওই অনুষ্ঠানে দুই নেত্রীকে এক টেবিলে বসাতে তার উদ্যোগ আছে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “একজনের সঙ্গে আজ দেখা হওয়ার কথা। আরেকজনের সঙ্গে কথা বলা যেতে পারে।”
খালেদার সঙ্গে বৈঠকের পর বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে রফিক উল হক বলেন, “উনার ছোট ভাই সাঈদ এস্কান্দারের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়েছিলাম।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তচিন্তা ফোরাম আয়োজিত দুপুরের ওই অনুষ্ঠানে ব্যারিস্টার রফিক বলেন, দেশের জনগণের স্বার্থে দুই নেত্রীকে একসঙ্গে বসানোর ‘উদ্যোগ’ নেবেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের মুখোমুখি অবস্থান যেন সংঘাতে দিকে না যায়, সে জন্য সংলাপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “কথা বলে দেখি। দুই নেত্রী দেশকে ভালবাসে না, গণতন্ত্রে বিশ্বাস করে না- এটা আমি বিশ্বাস করি না।”
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এসএম/এএইচ/এএল/২৩১৪ ঘ.
bdnews24