খাগড়াছড়ি, সেপ্টম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিচুক্তিবিরোধী পাহাড়িদের সংগঠন ইউপিডিএফকর্মী হত্যার প্রতিবাদে শনিবার খাগড়াছড়ি সদর ও পানছড়িতে বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।
আধিপত্য বিস্তার নিয়ে জেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী দুদুকছড়ি এলাকায় শনিবার সকাল পৌনে ৮টার দিকে দুর্বৃত্তের গুলিতে নিহত হন পীযূষ কুমার চাকমা হৃদয় (৩৫) ও সুনীতি কুমার চাকমা (৪৫)।
বিকাল সাড়ে ৩টায় জেলা শহরের মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাবের মাঠ থেকে পাহাড়ি ছাত্র পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চেঙ্গী স্কোয়ার ঘুরে, উপজেলা হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদর উপজেলা সংগঠক চরণ সিং তঞ্চঙ্গ্যা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক চন্দ্রদেব চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি মাদ্রী চাকমা।
দুুপুর আড়াইটায় পানছড়ি উপজেলার কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিয়া স্কোয়ারে এক প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সভাপতি বরুণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা সভাপতি বিবর্তন চাকমা, সুমেধ চাকমা প্রমুখ।
সমাবেশ বক্তারা এই হত্যাকাণ্ডের জন্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছে।
তারা অবিলম্বে সন্তু গ্র“পের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণের দাবি জানান।
তবে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে জনসংহতি সমিতি।
এর আগে গত ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত হয়েছিলেন। ওই ঘটনার জন্যও সংগঠনটি জনসংহতি সমিতিকে দায়ী করেছিল। তবে জনসংহতি সমিতি সে অভিযোগ প্রত্যাখ্যান করে।
১৯৯৭ সালে সন্তু লারমার সঙ্গে সরকারের পার্বত্য শান্তিচুক্তির পর তার বিরোধিতা করে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বে গড়ে ওঠে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
তারপর এই দুই সংগঠনের সংঘাতে পাহাড়ে অনেক রক্ত ঝরেছে। ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে একে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন সন্তু লারমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪০ ঘ.
bdnews24