২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির সিন্ডিকেট ও শিক্ষা পর্ষদে আন্দোলনকারীদের জয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট ও শিক্ষা পর্ষদ নির্বাচনে সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যনারে জয় পেয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট ও শিক্ষা পর্ষদ নির্বাচনে সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যনারে জয় পেয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবুবকর সিদ্দিক বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। আবুবকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামীকাল সরকারিভাবে ফল ঘোষণা করা হবে। সিন্ডিকেটে ছয়টি পদের মধ্যে চারটিতে আন্দোলনকারীদের পক্ষে ডিন পর্যায়ে অধ্যাপক সৈয়দ কামরুল আহছান, অধ্যাপকে হানিফ আলী, সহকারী অধ্যাপকে তরিকুল ইসলাম ও প্রভাষক পর্যায়ে নুরুল হক নির্বাচিত হন। শরীফ এনামুল কবির সমর্থিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ব্যানারে সিন্ডিকেটে প্রাধ্যক্ষ পর্যায়ে অধ্যাপক লুৎফর রহমান ও সহযোগী অধ্যাপকে শুদ্ধসত্ত্ব রফিক নির্বাচিত হন। শিক্ষা পর্ষদের ছয়টির মধ্যে তিনটিতে সম্মিলিত শিক্ষক পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী, ফার্মেসীর সহযোগী অধ্যাপক মাসুম শাহরিয়ার ও গণিতের সহযোগী অধ্যাপক আমিনুর রহমান খান। এখানে শরীফ এনামুল কবির সমর্থিত নির্বাচিতরা হলেন সরকার ও রাজনীতির সহযোগী অধ্যাপক বশির আহমেদ, দর্শনের সহকারী অধ্যাপক মঈনুল আলম নিজার ও ভূতাত্ত্বিক বিজ্ঞানের সহকারী অধ্যাপক হুসাইন মো. সায়েম সুমন। অর্থকমিটিতে নৃবিজ্ঞানের অধ্যাপক মানস চৌধুরীকে পরাজিত করে শরীফ এনামুল কবির সমর্থিত প্রার্থী পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক খবির উদ্দিন জয়ী হন। নির্বাচন সম্পর্কে সম্মিলিত শিক্ষক পরিষদ নেতা অধ্যাপক নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘ আন্দোলনের পর আমরা অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জয় পেয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.