বরিশাল, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় ছয় জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও প্রত্যেককে পাঁচশ’ টাকা করে জরিমানাও করা হয়।
শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মমিনউদ্দিন এই সাজা দেন।
ছয়জনের মধ্যে চারজনকে তিন মাস ও দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
তিনমাস দণ্ডিতরা হলেন ভোলার রামদাস কাঠির কিরণ মাঝি (২২), রাসেল (১৬), আলামিন মাতুব্বর (২৫) ও মেহেন্দীগঞ্জের চর উদয়পুরের মিলন হাওলাদার (২৫)।
এক মাসের দণ্ড হয়েছে রামদাসপুরের বাছেদ মাঝি (৪০) ও মনির মাতুব্বর (২৫)।
সাজার আদেশ হওয়ার পরই তাদের বরিশাল কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফ উল্লাহ’র নেতৃত্বে কালীগঞ্জ ও লালগঞ্জ এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় তাদের আটক করা হয়।
এ সময় উদ্ধার জাল পুড়ে ফেলা হয় এবং ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়, বলেন তিনি।
ইলিশ সম্পদ রক্ষায় প্রজনন মৌসুম আশ্বিনী পূর্ণিমার আগে ও পরে ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.
bdnews24