ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্লাইট বাতিলের কারণে আটকে পড়া ৫৫০ জন হজযাত্রীকে সৌদি আরবে পাঠানো শুরু করেছে সৌদি আরবের বেসরকারি বিমান সংস্থা নাস এয়ার।
শনিবার সংস্থাটির নির্ধারিত তিনটি ফ্লাইটের বাইরে আরো একটি ফ্লাইট দিয়ে প্রায় ২৫০ জন যাত্রীকে সৌদি আরবে পাঠানো হয়েছে।
অপর একটি ফ্লাইটে রোববার বাকিদের সৌদি আরবে পৌঁছানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং হজযাত্রী পরিবহন স্টিয়ারিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এর আগে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ফারুক খান শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রী পরিবহনের কাজ দেখতে যান। এ সময় আটকে পড়া কয়েকজন হজযাত্রী বিমানমন্ত্রীর সঙ্গে তাদের সমস্যা নিয়ে কথা বলেন।
এ সময় সংস্থাটির বাংলাদেশ প্রধান সুদীপ বড়–য়া জানান, শনিবারআটকেপড়া ২৫০ জনকে পাঠানো হয়েছে। বাকি ৩০০ জনকে রোববারের মধ্যেই সৌদি আরবে পৌঁছানো হবে।
জয়নাল আবেদীন জানান, এবার নাস এয়ার ১৬ হাজার হজযাত্রী পরিবহন করবে। সংস্থাটির ১৯টি নির্ধারিত ফ্লাইট ইতোমধ্যে ছয় হাজার ১৪৯ জনকে সৌদি আরবে নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯১৭ ঘ.
bdnews24