ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে আইনজীবী দম্পতির মেয়ে তাসমীম রহমান করবী হত্যা মামলায় গ্রেপ্তার শামীম আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিন হেফাজত মঞ্জুর করেছে আদালত।
শনিবার ঢাকার ৬ নম্বর মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে শামীমকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এমাদুল করিম।
হেফাজতের (রিমান্ড) আবেদনে এসআই এমাদুল করিম ১০ দিনের রিমান্ড চান।
রিমান্ড আবেদনে বলা হয়, শামীম একজন মাদকসেবী এবং এলাকার কুখ্যাত চোর। সে করবীদের পাশের ফ্লাটে থাকত। নেশার টাকা সংগ্রহের জন্য সে করবীদের বাসায় গিয়েছিল এবং বাধা পেয়ে করবীকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
হত্যার রহস্য উদঘাটন এবং প্রকৃত খুনিকে গ্রেপ্তারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে বলা হয়।
এ সময় শামীমের পক্ষে কোনো জামিনের আবেদন ছিল না।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যা ৬টায় হাজারীবাগে নিজেদের ফ্ল্যাট থেকে করবীর লাশ উদ্ধার করা হয়। তাকে বটি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/১৮৫০ ঘ.
bdnews24