ময়মনসিংহ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নসিমন-কমিমন বন্ধের দাবিতে ময়মনসিংহ-ধোবাউড়া সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা।
শনিবার সকাল থেকে এ রুটে বাস না চলায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ময়মনসিংহ জেলা মটর মালিক মালিক সমিতি বাস বিভাগের সাধারণ সম্পাদক শামশুল আলম তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কে অবৈধভাবে সিএনজি, নসিমন, করিমন চলছে।
জেলা ও উপজেলা প্রশাসনকে একাধিকবার চিঠি দেয়া হয়েছে এসব অবৈধ যানবাহন বন্ধের জন্য। কিন্তু, কোনো ফল না পেয়ে অবেশেষে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়।
জেলা শহর ও যানবাহন শাখার (ট্রাফিক বিভাগ) ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে নিয়ে স্থানীয় বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।
বাস স্ট্যান্ডের কাছ থেকে সিএনজি স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিলে এ সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24