ফরিদপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের কামারখালী উপজেলা থেকে এক নারী শ্রমিকের লাশ উদ্বার করেছে পুলিশ।
শনিবার সকালে প্রাইড জুটমিলের পশ্চিম পাশের কলাবাগানে সুমি আক্তারের (১৮) লাশ পাওয়া যায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই জুটমিলের শ্রমিক মতিউর রহমানকে আটক করেছে পুলিশ।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মধুখালী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, শুক্রবার রাত ৯টায় মিলে জরুরি কাজ আছে বলে সুমী আক্তার তার কামারখালীর ভাড়া বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
তিনি বলেন, মধুখালীর কোড়কদী ইউনিয়নের কাটাখালি গ্রামের আব্দুল জলিলের দুই মেয়ে লিমা আক্তার ও সুমী আক্তার কামারখালীর প্রাইড জুট মিলে কাজ করতেন।
ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা আবদুল জলিল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24