চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে চার শিক্ষার্থী আহত হয়েছেন।
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে চবি শাহজালাল হলে ছাত্রলীগ সভাপতি মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের রবিউল আলম, পদার্থবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের জাহেদ, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের রণি ও সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের হোসাইন।
এদের মধ্যে রবিউল চবি ছাত্রলীগের সহ-সম্পাদক ও অপর তিন জন ছাত্রলীগকর্মী। তারা সবাই সভাপতি মামুনের অনুসারী।
আহত রবিউল ও হোসাইনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই জন চবি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।
চবির প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের ঘটনায় চার ছাত্রলীগ নেতাকমী আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সংঘর্ষের ঘটনায় পুলিশ পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে বলে জানান পরিদর্শক রফিকুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এএল/১৭৪২ ঘ.
bdnews24