বগুড়া, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার জানান, শনিবার যমুনার পানি বিপদ সীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে ও ১০ সেন্টিমিটার বেড়ে যমুনার ভাটিতে বাঙালি নদীর পানি বিপদ সীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যায় নতুন করে গাবতলী, শেরপুর ও ধুনটের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় আড়াই লাখ মানুষ।
প্রকৌশলী নুরুল আরো জানান, গত ২২ সেপ্টেম্বর সারিয়াকান্দি উপজেলার চন্দন বাইশা এলাকায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ২শ’ মিটার ভেঙ্গে গিয়ে বন্যার সৃষ্টি হয়। পরে শুক্রবার আবারও ১শ’ মিটার ভেঙ্গে গেলে বন্যার ভয়াবহতা আরও বেড়ে যায়।
বগুড়া জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা হাম্মাদুল বাক্বী জানান, সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় ২৬টি ইউনিয়নের ১৭৬টি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে পানিবন্দী হয়ে পড়েছে ২ লাখ ২৬ হাজার ৩১০ মানুষ।
“১১ হাজার ৩৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।”
তবে শেরপুর ও গাবতলী এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা দিতে পারেননি তিনি।
বন্যার কারণে বেশ কিছু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। যেগুলো খোলা রয়েছে সেখানেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই।
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের জানান, বন্যায় সারিয়াকান্দি উপজেলার ৩৬টি, ধুনটের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে।
“বন্যা কবলিত সোনাতলা, শেরপুর ও গাবতলী উপজেলার তথ্য এখনও পাওয়া যায়নি।”
তবে ৫টি উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা আসলেও শিক্ষার্থী উপস্থিতি নেই বলে জানান তিনি।
বন্যার্তদের মধ্যে ৫শ’ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ।
“আরো এক হাজার মেট্রিক টন চাল ও গৃহনির্মাণের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএটচপি/১৬৩৫ ঘ.
bdnews24