২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় সিপিবির সম্মেলনে নেতার মৃত্যু

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেত্রকোনা জেলার সম্মেলনের শোভাযাত্রার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দলটির এক নেতা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

নেত্রকোনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেত্রকোনা জেলার সম্মেলনের শোভাযাত্রার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দলটির এক নেতা মারা গেছেন। সিপিবি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খাজা হুমায়ুন করীর (৪৩) মারা যাওয়ায় দলটির জেলা সম্মেলন স্থগিত করা হয়েছে। জেলা সিপিবির সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১১টায় উদ্বোধনের পর শহরের মোক্তারপাড়ার পাবলিক হল থেকে একটি শোভাযাত্রা বের হয়। “শোভাযাত্রাটি তেরীবাজার মোড়ে আসলে হুমায়ুন কবীর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” হাসপাতালের আবাসিক চিকিৎসক নীলোৎপল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে হুমায়ুন কবীর মারা গেছেন। এদিকে হুমায়ুন কবীর মারা যাওয়ার পর পরই সেখানে উপস্থিত পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুরুল আহসান খান, শিক্ষাবিদ যতীন সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, কাফি রতনসহ জেলা কমিটির নেতারা বৈঠকে বসে সম্মেলন স্থগিতের ঘোষণা দেন বলে জানান সিপিবি নেতারা। এ সময় সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা হুমাযুন কবীরের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০০ ঘ.