২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় ৪ রেল-নিরাপত্তারক্ষী ‘হামলায়’ আহত

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে বিনা টিকিটের দুই যাত্রীকে আটক করায় ‘হামলায়’ আহত হয়েছেন চার পুলিশ ও আনসার সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে বিনা টিকিটের দুই যাত্রীকে আটক করায় ‘হামলায়’ আহত হয়েছেন চার পুলিশ ও আনসার সদস্য। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার তারা হামলার শিকার হন। শুক্রবার এ ঘটনায় কুলাউড়া রেলওয়ে (জিআরপি) থানায় মামলা হয়েছে। এ ঘটনায় টিকিটবিহীন দুই যাত্রীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে রেল কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তারক্ষীরা (টিজি) টিকিট চেক করতে পারে না। টিকিটবিহীন যাত্রীদের কাছে টাকা চাওয়ায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আহতরা সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এরা হলেন কুলাউড়া রেলওয়ে (জিআরপি) থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামাল মজুমদার, কনস্টেবল আলমগীর হোসেন, আনসার সদস্য শামীম আহমদ ও ময়না মিয়া। জামাল ও আলমগীরকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কুলাউড়া রেলওয়ে থানার (জিআরপি) ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ছেড়ে আসার পর ‘টিজি’ টিম যাত্রীদের টিকিট চেকিং শুরু হয়। চেক করার সময় কুলাউড়া সদরের ব্যবসায়ী এইচ ডি রুবেল এবং মৌলভীবাজার আদালতের মুহুরী এনাম আহমদ টিকিট দেখাতে না পারায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যরা তাদের আটক করে। এ নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে এ দুই যাত্রীর কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি কুলাউড়া স্টেশনে পৌঁছলে ৪০-৫০ জন লোক অতর্কিতে পুলিশ-নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায়। তিনি বলেন, সরকারি কাজে বাধাদান ও নিরাপত্তারক্ষীদের মারধরের অভিযোগে রুবেল ও এনামের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১০-১২ জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে এনাম ও রুবেলকে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে, কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিদুর রহমান বলেন, এ নিয়ে যাত্রী সাধারণ ও নিরাপত্তারক্ষীদের মধ্যে পৌনে এক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। তিনি বলেন, “রেলওয়ের ‘টিজি’ দল ট্রেনে টিকিট চেকিং করতে পারে না, নিয়মও নেই। টিকিট না থাকায় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা এ দুই যাত্রীর কাছে টাকা চাইলে এ সংঘর্ষ হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.