মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।
এ রুটে চলাচলকারী ছোটবড় ১৫টি ফেরির মধ্যে শুক্রবার সকাল থেকে একটিমাত্র রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চলছিল। সন্ধ্যা ৬টায় সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসির মাওয়া ঘাট ব্যবস্থাপক মো. সিরাজুল হক।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আব্দুল বাতেনও।
পলি পড়ে গত শনিবার থেকে নাব্যতা সঙ্কট দেখা দেয়ায় পরদিন রাতে ‘শাহ মখদুম’ নামের একটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এতে ফেরি সার্ভিস সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকে।
এর পর গত কয়েকদিন ধরে পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বিঘিœত হওয়ায় মাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। এছাড়া এ অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনেও সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। অনেক পণ্যবাহী ট্রাক মাওয়া ঘাটে আটকে আছে চার দিন ধরে।
মাওয়া ঘাট ব্যবস্থাপক মো. সিরাজুল হক বলেন, স্রোতের তীব্রতা বাড়ায় হাজরা চ্যানেল দিয়ে চলাচলকারী একমাত্র ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সন্ধ্যা ৬টায় মাওয়া ছেড়ে গেছে। সেটিকে একটি জাহাজ টেনে নিয়ে গেছে। ফেরিটি ওপারে পৌঁছার পর আর কোনো ফেরি চলবে না।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, ফেরির গতির চেয়ে পদ্মায় স্রোতের গতি বেশি হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সীমিতসংখ্যক ফেরি দিয়ে সন্ধ্যা পর্যন্ত পারাপার অব্যহত রাখা হয়েছিল। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়।
তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশা করা যাচ্ছে ২/১ দিনের মধ্যেই পানি কমতে শুরু করবে, স্রোতও কমে যাবে। তখন হয়তো ফেরি চালু করা সম্ভব হবে।”
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, প্রাকৃতিক কারণেই ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। তবে পদ্মায় তীব্র স্রোত কমলে পেলে ২/১ দিনের মধ্যেই সার্ভিস চালু হবে।
এদিকে তীব্র স্রোতের কারণে মাওয়া ঘাটে সব ফেরি ও জাহাজকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উভয় পারে এক হাজারেরও বেশি যানবাহনকে এ খবর মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
মাওয়া ঘাট ব্যবস্থাপক সিরাজুল হক জানান, গতদিনের চেয়ে পদ্মার পানি ৭ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার আগে নৌ পরিবহন মন্ত্রীসহ বিআইডব্লিউটিএ এর ঊর্ধতন কর্মকর্তারা পদ্মার প্রতিকূল পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেন। সব ফেরি ও জাহাজ কাওড়াকান্দিতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান সিরাজুল হক।
“এর আগে নাব্যতা হ্রাস পাওয়ায় সোমবার কবুতরখোলা চ্যানেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার ফেরি চলছিল লৌহজং-হাজরা ড্রেজিং চ্যানেলে। এতে দূরত্ব যেমন দুই কিলোমিটার বেড়ে গিয়েছিল, তেমনি ফেরিগুলোকে পড়তে হচ্ছিল তীব্র স্রোতের মুখে।”
২০০২ সালের দিকে পদ্মায় একবার প্রচণ্ডস্রোত দেখা দিলেও তা এবারের মতো খর¯্রােতা ছিল না বলে দাবি করেন সিরাজুল হক।
তিনি জানান, এ রুটে কাওড়াকান্দি থেকে মাওয়া এই ১৯ কিলোমিটার যেতে সময় লাগছে সাড়ে ৩ থেকে পৌনে ৫ ঘণ্টা। কিন্তু মাওয়া থেকে স্রোতের অনুকূলে কাওড়াকন্দি পৌঁছতে সময় লাগছে আড়াই ঘণ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/সিএস/এসইউ/১৯১৮ ঘ.
bdnews24