চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন নির্মাণ শ্রমিক মারা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে বন্দরনগরীর খুলশী থানার ফয়স লেক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে মো. বাবর (২০) ও মো. শহীদ (১৮) বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবর চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর গ্রামের এবং শহীদ নওগাঁর রসুলপুর গ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল শ্যামল তঞ্চঁগ্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফয়স লেক এলাকায় আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান এমডিসির নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিলেন বাবর ও শহীদ। সকাল সাড়ে ৮টার দিকে তারা কিছু বাঁশ নিয়ে নিচ তলা থেকে ছয় তলায় উঠছিলেন। বাঁশগুলো ভেজা থাকায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/১৬৩২ ঘ.
bdnews24