ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দারুস সালাম এলাকার পুকুর থেকে এক ব্যক্তির ও কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টায় গাবতলী বাস টার্মিনাল বাইপাস সড়কের দক্ষিণে মৎস্য খামারের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানকি ৪০ বছর।
পরনে চেক লুঙ্গি ছিল বলে পুলিশ জানায়।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) জানান, ওই ব্যক্তির মৃতদেহে পচন ধরেছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে প্রায় একই সময় কেরানীগঞ্জের হাসনাবাদ মসজিদ ঘাটে বুড়িগঙ্গা নদী থেকে পাঁচ বছর বয়সী এক নারী শিশুর ভাসমান লাশ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. সালামত জানান, শিশুটির পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল চেক হাফপ্যান্ট।
শিশুটির দেহে কোনো জখমের চিহ্ন নাই। তার মৃত্যুর কারণ জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/এইচএ/২৩৪৩ ঘ.
bdnews24