২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার হুমকিতে সুন্দরবনের ক্যাম্প ছাড়লেন বনকর্মীরা

অবৈধ পণ্যের চালান ধরার পর চোরাচালানিদের হত্যার হুমকির মুখে পূর্ব সুন্দরবনের একটি ক্যাম্প থেকে বনকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ পণ্যের চালান ধরার পর চোরাচালানিদের হত্যার হুমকির মুখে পূর্ব সুন্দরবনের একটি ক্যাম্প থেকে বনকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় কোস্টগার্ডের সহায়তায় চান্দেশ্বর ক্যাম্পের পাঁচ বনকর্মীকে সরিয়ে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার দুপুরে অন্য পাঁচ বনকর্মীকে অস্থায়ী ভিত্তিতে সেখানে পাঠানো হয়ে বলে জানায় বন বিভাগ। বুধবার বিকালে পূর্ব সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের পদ্মা স্লুইস গেট এলাকা থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভারতীয় ট্রলারসহ তিনশ ৩৭ গাইট ভারতীয় শাড়ি, থ্রি পিস, জামা ও প্যান্ট পিস উদ্ধার করে। এরপরই বনকর্মীদের হত্যার হুমকি দেয় চোরাকারবারীরা। সুপতি স্টেশন কর্মকর্তা প্রহল্লাদ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যায় হত্যার হুমকির মুখে ছেড়ে আসা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মালেক খান, নৌকাচালক ইমান আলী, বনকর্মী বদর প্রামাণিক, মানিক মিয়া ও ট্রলারচালক সুমন এখন সুপতি স্টেশনে রয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, বুধবার দুপুরে চান্দেশ্বর টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবনের কাতলেশ্বর খালে ভারতীয় একটি ট্রলারকে চ্যালেঞ্জ করে। সতর্কবাণী উপেক্ষা করে ট্রলারটি চলতে থাকলে বনকর্মীরা ট্রলারটি থামাতে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় ট্রলারে থাকা ২০/২৫ জন লোক আধুনিক অস্ত্রের মুখে বনকর্মীদের আটক করে। পরে চোরাকারবারীদের সম্পর্কে কোনো তথ্য দেয়া যাবে না শর্তে বনকর্মীদের ছেড়ে দেয় তারা। এই বন কর্মকর্তা আরো বলেন, এর কিছুক্ষণ পরে পদ্মা স্লুইস গেট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টহল দল ওই ট্রলারটিকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ট্রলারটি ফেলে বনের ভেতর পালিয়ে যায়। কোস্টগার্ড ট্রলারটি থেকে দুই কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করে। এ ঘটনার পর চোরাকারবারীরা অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে বনকর্মীদের হত্যার হুমকি দেয় বলে জানান কাশ্যপী বিকাশ। সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা আমির হুসাইন চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুরে চান্দেশ্বর ক্যাম্পে অস্থায়ী ভিত্তিতে অন্য পাঁচ বনকর্মীকে পাঠানো হয়েছে। শরণখোলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে থানায় কোনো সাধারণ ডায়েরি বা মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯৫৮ ঘ.