২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরি চলাচল ব্যাহত, তীব্র যানজট মাওয়ায়

পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন নৌ কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

মুন্সীগঞ্জ/মাদারীপুর, সেপ্টেম্বর ২৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় দুই পাশে আটকে আছে শত শত যানবাহন। দুর্ভোগে পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রীরা। নৌ কর্মকর্তারা বলছেন, স্রোতের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ২০০২ সালের পর পদ্মার এমন খরস্রোতা রূপ তারা দেখেননি। বৃহস্পতিবার দুপুরের পর থেকে এই রুটে চলাচল করা ছোট বড় ১৫টি ফেরির মধ্যে ১১টি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সচল থাকা রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শাহ মখদুম এবং কে-টাইপ ফেরি কেতকী ও কিশোরী চালু থাকলেও এগুলোর গতি খুবই ধীর। সরেজমিনে দেখা গেছে, ফেরি বন্ধ থাকায় দুই পাশে আটকা পড়ে আছে সহস্রাধিক যানবাহন। এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মাওয়ার আটকেপড়া গাড়ির বহর চৌরাস্তা ও দোগাছি ছাড়িয়ে শ্রীনগর উপজেলার সমষপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এদিকে পদ্মার পানি ক্রমশ বাড়তে থাকায় স্রোতের তীব্রতা আরো বেড়ে গেছে। বৃহস্পতিবার পদ্মার মাওয়া পয়েন্টে পানি বেড়েছে ৪৭ সেন্টিমিটার। বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক মো. সিরাজুল হক বলেন, নাব্যতা সঙ্কটে সোমবার কবুতরখোলা চ্যানেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এখন ফেরি চলছে লৌহজং-হাজরা ড্রেজিং চ্যানেলে। এতে একদিকে দূরত্ব ২ কিমি বেড়েছে, অন্যদিকে চলমান ফেরিগুলোও তীব্র স্রোতের মুখে পড়ছে। দূরত্ব বেড়ে যাওয়ায় কাওড়াকান্দি থেকে মাওয়ার ১৯ কিলোমিটার পথ পাড়ি দিতে সাড়ে ৩ থেকে পৌনে ৫ ঘণ্টা সময় লাগছে বলেও জানান তিনি। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, ফেরির ইঞ্জিনের গতির চেয়ে পদ্মায় স্রোতের গতি বেশি হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সীমিতসংখ্যক ফেরি দিয়ে অব্যাহত রাখা হয়েছে পারাপার। ২০০২ সালের দিকে পদ্মায় একবার প্রচ- স্রোত দেখা দিলেও তা এবারের মতো খরস্রোতা ছিল না বলে দাবি করেন বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক। ফেরি সার্ভিসে সঙ্কটের কারণে যাত্রী ভোগান্তি ছাড়াও এ অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী ট্রাকগুলো মাওয়া ঘাটে আটকে আছে তিন দিন ধরে। আর থেমে থাকা বাসের যাত্রীরাও তীব্র ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রীকেই ফিরে যেতে দেখা গেছে। শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, যানজটে আটকে থাকা যানবাহন ও যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তায় ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৯৩৩ ঘ.