২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার কবরে চিরনিদ্রায় আতাউস সামাদ

রাজধানীর আজিমপুরে দাফন করা হয়েছে সাংবাদিক আতাউস সামাদকে, একদিন আগে যার জীবনাবসান ঘটেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুরে বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সাংবাদিক আতাউস সামাদ, ১৯৮০ এর দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় বস্তুনিষ্ঠ সংবাদ পেতে দেশবাসী বিবিসিতে যার কণ্ঠ শোনার অপেক্ষায় থাকত। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতায় ভুগে বুধবার ৭৪ বছর বয়সে মারা যান এই সাংবাদিক। পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে অ্যাপোলো হাসপাতাল থেকে আতাউস সামাদের লাশ নিয়ে তার বারিধারার বাসায় যান। সেখানে কিছু সময় রাখার পর কফিন নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে জোহরের নামাজের পর তার প্রথম জানাজা হয়। এরপর বিকাল ৩টায় রাজধানীর প্রেসক্লাবে হয় দ্বিতীয় জানাজা। সেখানেই তার প্রতি শেষ শ্রদ্ধা জানান সহকর্মী সাংবাদিক, রাজনীতিবিদসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াসহ মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। প্রেসক্লাবের জানাজায় অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবীর খোকন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি আ স ম আবদুর রব, বাসদ সভাপতি খালেকুজ্জামান ভুঁইয়া, সাংসদ মাইনুদ্দিন খান বাদল, জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ, মিয়া গোলাম পারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক মাহবুবউল্লাহ, শিল্পী ফকির আলমগীর, লেখক শওকত আলী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী ও উন্নয়নকর্মী ফরহাদ মাজহার প্রমুখ। সাংবাদিকদের মধ্যে এ বি এম মূসা, কামাল লোহানী, আমান উল্লাহ কবির, গোলাম সারওয়ার, হাসানুজ্জামান, এ এম মোফাজ্জল, শাহজাহান মিয়া, আলতাফ মাহমুদ, মাহফুজউল্লাহ, এম এ আজিজ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভু্ইঁয়া, অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্য অংশের সভাপতি ওমর ফারুক ও আবদুল মতিন জানাজায় অংশ নেন। জানাজার আগে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে মির্জা আব্বাস ও জয়নুল আবদিন ফারুক, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, আওয়ামী লীগ, বাম গণতান্ত্রিক মোর্চা, বাসদ, জাসদ ও জাতীয় মুক্তি কাউন্সিল এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, জাতীয় প্রেসক্লাব, জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়ন, এটিএন বাংলা, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ, আমার দেশ, এনটিভিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুল দেয়া হয়। জানাজার আগে প্রয়াত সাংবাদিকের একমাত্র ছেলে আসেকুস সামাদ সাংবাদিকদের কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় আতাউস সামাদের ভাই লন্ডন প্রবাসী সাংবাদিক আতিকুস সামাদ ও ভাগ্নে অ্যাডভোকেট আনিসুল হক উপস্থিত ছিলেন। গত শতকের ৫০ এর দশকে সচিত্র সন্ধানীতে কাজ শুরুর মাধ্যমে সংবাদ জগতে পা রাখা আতাউস সামাদ কর্মজীবনে বিভিন্ন সংবাদপত্র, রেডিও ও টেলিভিশনে কাজ করেছেন। সর্বশেষ দৈনিক আমার দেশের উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে ছিলেন একুশে পদক পাওয়া এই সাংবাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ফজলুল হক হল ছাত্র সংসদের প্রচার সম্পাদক ছিলেন তিনি। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি সোচ্চার ছিলেন। ১৯৬৯ ও ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান ইউনিয়ন অব জার্নালিস্টের (ইপিইউজে) সাধারণ সম্পাদক ছিলেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত আতাউস সামাদ নয়াদিল্লিতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করেন। ১৯৮২ সালে তিনি বিবিসিতে যোগ দেন এবং টানা ১২ বছর জনপ্রিয় এই সংবাদ মাধ্যমের বাংলাদেশ সংবাদদাতা হিসাবে কাজ করেন। বিবিসি ছাড়ার পর ‘এখন’ নামে একটি সাপ্তাহিক প্রকাশ করেন আতাউস সামাদ। একইসঙ্গে তিনি নিয়মিত কলাম লিখতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও ‘মতামত-বিশ্লেষণ’ এ লিখেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি আতাউস সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করেছেন। ১৯৩৭ সালের ১৬ নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন আতাউস সামাদ, তবে তার বাবার বাড়ি কিশোরগঞ্জে। আতাউস সামাদের স্ত্রী কামরুন নাহার তথ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এইচএএইচ/১৮৪৫ ঘ.