ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত অবস্থায় নিহত চার বাংলাদেশির ‘দাগ হ্যামারশোল্ড’ সম্মাননা পদক স্বজনদের কাছে হস্তান্তর হয়েছে।
বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম এই পদক হস্তান্তর করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পদকপ্রাপ্তরা হলেন- মেজর কে এম জিয়াউল হক, ক্যাপ্টেন মোহাম্মদ ইফতেখার আলম, ধর্মীয় শিক্ষক মো. আব্দুস সালাম এবং কর্পোরাল মো. ইউনুস মিয়া।
জাতিসংঘ মিশনে সর্বোচ্চ আত্মদানের স্বীকৃতিস্বরূপ গত ২৯ মে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেনের কাছে চার বাংলাদেশির পদক তুলে দেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিহত সামরিক, পুলিশ এবং বেসামরিক ব্যক্তিরা ‘দাগ হ্যামারশোল্ড’ পদক পান। ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ জন শান্তিরক্ষী এই পদক পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২২০৭ ঘ.
bdnews24