২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসআরএমকে সাড়ে ৪০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে পাহাড় কাটায় স্টিল রি-রোলিং মিল বিএসআরএমকে ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে পাহাড় কাটায় স্টিল রি-রোলিং মিল বিএসআরএমকে ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলের (বিএসআরএম) প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি শেষে পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে এ জরিমানা করা হয়। বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম এ জরিমানা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মিরসরাই উপজেলার জোরারগঞ্জে অনুমোদন ছাড়া পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে কারখানা নির্মাণ করায় বিএসআরএম-কে এ জরিমানা করা হয়। তিনি জানান, গত ১ সেপ্টেম্বর জোরারগঞ্জে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল গিয়ে পাহাড় কাটার প্রমাণ পায়। পরবর্তীতে বিএসআরএম কর্তৃপক্ষকে ২৬ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে শুনানিতে অংশ নেয়ার নোটিশ দেয়া হয়। জাফর আলম বলেন, প্রতিষ্ঠানটিকে জরিমানা করার পাশাপাশি পাহাড়কে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনারও নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া জরিমানার অর্থ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশও দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। বিএসআরএম দেশের অন্যতম বৃহৎ রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এদিকে চট্টগ্রামের পটিয়ায় পরিবেশ ছাড়পত্র ছাড়া পাহাড় কেটে আবাসন প্রকল্প ও ইটভাটা নির্মাণ ও কার্যক্রম পরিচালনার অভিযোগে ‘পটিয়া মডেল টাউন (আবাসন প্রকল্প)’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮৫৭ ঘ.