২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের দুর্নীতির দায় জাপা নেবে না: রুহুল আমিন

আওয়ামী লীগের সন্ত্রাস, দুর্নীতি ও টেন্ডারবাজির দায় জাতীয় পার্টি নেবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সন্ত্রাস, দুর্নীতি ও টেন্ডারবাজির দায় জাতীয় পার্টি নেবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। বুধবার বাগেরহাট জেলা জাতীয় পার্টি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির (এরশাদ) এই নেতা বলেন, এরশাদ রাষ্ট্রক্ষমতা ছাড়ার পর থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বিভিন্ন রাজনৈতিক দল বারবার সরকার গঠন করেছে। তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও টেন্ডারবাজির কারণে দেশ আজ ধ্বংসের মুখে। বর্তমান সরকারও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, বলেন রুহুল আমিন। তিনি বলেন, “মানুষ এখন এরশাদকে ক্ষমতায় দেখতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ মিলে যে ভোট পাবে এরশাদ ও তার জাতীয় পার্টি তার চেয়ে বেশি ভোট পাবে।” সরকারের সমালোচনা করে রুহুল আমিন বলেন, এই সরকার শেয়ারবাজারের হাজার হাজার বিনিয়োগকারীকে পথে বসিয়েছে। হলমার্ক কেলেঙ্কারি আর পদ্মাসেতু নির্মাণ নিয়ে দুর্নীতিতে সরকার দেশে বিদেশে সমালোচনার মুখে পড়েছে। “বর্তমান সরকারের অন্যতম শরীক হলেও জাতীয় পার্টি এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। তাই সরকারের এ ব্যর্থতার দায়ভার জাতীয় পার্টি গ্রহণ করবে না,” বলেন তিনি। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে বলেও তিনি জানান। দল ইতিমধ্যে দুইশ আসনে প্রার্থী ঘোষণা করেছে জানিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে দলের চেয়ারম্যান এইচএম এরশাদ আগামী তিন মাসের মধ্যে সারাদেশ সফর করবেন। বাগেরহাট জেলা জাতীয় পার্টি সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় নেতা বেল¬াল হোসেন, জেলা সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন, সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.