২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ এস্কান্দারের দাফন সম্পন্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটভাই সাঈদ এস্কান্দারের দাফন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটভাই সাঈদ এস্কান্দারের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের আজাদ মসজিদে জানাজার পর বনানীর সামরিক কবরস্থানে এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে সমাহিত করা হয়। এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সাবেক সাংসদ সাঈদের মরদেহ নিউইয়র্ক থেকে দেশে পৌঁছায়। সেখান থেকে সকাল ১০টার দিকে কফিন নিয়ে যাওয়া হয় তার বারিধারার বাসায়। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের নিয়ে ছোট ভাইয়ের বাসায় ছুটে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ভাইয়ের কফিনের পাশে বোনের কান্নায় শোকে ভারি হয়ে ওঠে পরিবেশ। সাঈদের স্ত্রী নাসরিন এস্কান্দার, তাদের দুই ছেলে শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার ও মেয়ে সুমাইয়া এস্কান্দারসহ আত্মীয় স্বজনরাও এ সময় কান্নায় ভেঙে পড়েন। খালেদা জিয়া এ সময় ভাইয়ের শোকাগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। বারিধারার বাসা থেকে ১২টা ৪০ মিনিটে জানাজার জন্য মরহুমের কফিন সংসদ ভবনে নিয়ে যাওয়া হয়। পরে দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক সাংসদ সাঈদ এস্কান্দারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ডেপুটি স্পিকার শওকত আলী, প্রধান হুইপ আব্দুস শহীদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজানসহ সাংসদ ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বগত সরকারি কর্মকর্তারা অংশ নেন। পরে ডেপুটি স্পিকার, সংসদের প্রধান হুইপ ও বিরোধী দলীয় প্রধান হুইপ মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করেন। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে সাঈদ এস্কাদারকে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। ৩টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। পরে তা দলীয় পতাকা দিয়ে ঢেকে দিয়ে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খালেদা জিয়া। শীর্ষ নেতাদের পাশাপাশি বিএনপির সহযোগী ও সমমনা সংগঠনের পক্ষ থেকেও মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকাসহ সহাধ্রিক নেতাকর্মী তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন। নয়া পল্টনের জানাজা শেষে গুলশানে আজাদ মসজিদে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন করা হয় বনানীর সামরিক কবরস্থানে। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সাঈদ গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান। তিনি ফেনী জেলা বিএনপির সভাপতি ও দলের একজন উপদেষ্টা ছিলেন। সোমবার নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার এই বিএনপি নেতার প্রথম জানাজা হয়। তার মৃত্যুতে মঙ্গলবার দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে শোক পালন করে বিএনপি। এর অংশ হিসাবে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৯০১ ঘ.