লক্ষ্মীপুর/ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের জনগণ নেতা হিসাবে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদের।
বুধবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজে এক আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সরকার এখন কঠিন সময় পার করছে, তাই জনগণের সঙ্গে ভাল আচারণ করতে হবে।”
লক্ষ্মীপুরে সম্প্রতি কয়েকটি টেন্ডারে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
১৯৭৫ সালের পর থেকে লক্ষ্মীপুরের ‘লক্ষ্মী’ আওয়ামী লীগ ঘরে তুলতে পারেনি- এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, “এভাবে চলতে থাকলে আগামীতেও লক্ষ্মী ঘরে আসবে না।”
যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী সকালে লক্ষ্মীপুর-ফেনী সড়কের চৌমুহনী অংশের সড়ক চারলেনে উন্নীত করার কাজ পরিদর্শন করে নির্মাণ কাজের মান দেখে অসন্তোষ প্রকাশ করেন।
এ সময় কর্তব্যে অবহেলার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুর রহমানকে কারণ দর্শানোর নির্দেশ দেন ওবায়দুল কাদের।
সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজ খানসহ জেলা প্রশাসন ও সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/এমএইচপি/জেকে/১৫৫৫ ঘ.
bdnews24