২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্রোতে মাওয়ায় ফেরি চলাচলে বিঘ্ন, তীব্র জট

নদীতে তীব্র স্রোতে মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে দুই পাড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 06:29 AM

Updated : 25 Apr 2022, 09:47 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীতে তীব্র স্রোতে মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে দুই পাড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

যে কোনো সময় ফের ফেরি চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করে মাওয়া ঘাটে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, “পদ্মার পানি মঙ্গলবার ১৩ সেন্টিমিটার ও বুধবার ৯ সেন্টিমিটার বাড়ায় স্রোতের তীব্রতা বেড়ে গেছে।”

পলি পড়ে গত শনিবার থেকে নাব্যতা সঙ্কট দেখা দেয়ায় পরদিন রাতে ‘শাহ মখদুম’ নামের একটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এতে ফেরি সার্ভিস সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকে। সোমবার থেকে কবুতরখোলা চ্যানেলে ফেরি চলাচল বন্ধ করা হয়।

এরপর বিকল্প পথে লৌহজং-হাজরা ড্রেজিং চ্যানেলে ফেরি পারাপার শুরু হয়। এ পথে বাড়তি ২ কিলোমিটার দূরত্ব পার হতে গিয়ে ফেরিগুলো তীব্র স্রোতের মুখে পড়ছে বলে কর্মকর্তারা জানান।

“নতুন চ্যানেলে কাওড়াকান্দি থেকে মাওয়া ১৯ কিলোমিটার পাড়ি দিতে সাড়ে ৪ ঘণ্টা পর্যন্ত এবং অনুকূল স্রোতে ফিরতি পথে আড়াই ঘণ্টা সময় লাগছে।”

আশিকুজ্জামান বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাম্প ফেরি রায়পুরা, রাণীক্ষেত, লেন্টিন, রামশ্রী ও যমুনা বন্ধ রাখা হয়েছে। অন্য সাতটি ফেরি ধীর গতিতে চলছে। এতে উভয়াপাড়ে আটকা পড়েছে প্রায় ৭শ’ যানবাহন।

এদিকে পলি জমে নদী সরু হয়ে যাওয়ায় পানি বাড়ার পরও কবুতরখোলা চ্যানেল চালু করা যাচ্ছে না। স্রোতের তোড়ে ৮টি ড্রেজারও কাজ চালাতে পারছে না।

আশিকুজ্জামান জানান, গত এক মাসে এ রুটে ১৮ বারের বেশি ফেরি ও লঞ্চ দীর্ঘ সময় নদীতে আটকা পড়ে।

 “এতে যাত্রী ভোগান্তির পাশাপাশি পণ্য পরিবহনে বিঘ্ন ঘটছে। ব্যবসা বাণিজ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।”