কুমিল্লা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে পুলিশের এক সহকারী উপ পরিদর্শককে (এএসআই) আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
মো. নুরুন্নবী নামের ওই পুলিশ সদস্য বাহিনীর পোশাকে ছিলেন। তার সঙ্গে একটি রিভলবার ও ওয়ারেন্ট তামিলের কাগজপত্র ছিল বলে বুড়িচং থানার ওসি খন্দকার গোলাম শাহনেয়াজ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শংকুচাইলের ঘিলাতলি এলাকার সীমানা পিলারের কাছে ‘জিরো পয়েন্ট’ থেকে বিএসএফ সদস্যরা নুরুন্নবীকে আটক করে নিয়ে যায়।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আখতারুজ্জামান জানান, নুরুন্নবীকে উদ্ধারের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
“বুধবার বিকাল ৪টায় বুড়িচংয়ের শংকুচাইল সীমান্তে বিজিবি ৩৩ ও বিএসএফ ৭৭ ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা। আশা করি ওই বৈঠকে একটি সমাধান আসবে”, বলেন তিনি।
তবে এই পতাকা বৈঠকের প্রস্তাবে এখনও সাড়া দেয়নি বিএসএফ বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯২৮ ঘ.
bdnews24