২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা

চাঁদার দাবিতে পুরান ঢাকার একটি প্লাস্টিক কারখানায় হামলা চালিয়ে মঙ্গলবার এক নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদার দাবিতে পুরান ঢাকার একটি প্লাস্টিক কারখানায় হামলা চালিয়ে মঙ্গলবার এক নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় চকবাজার থানার কিল্লার মোড়ে রাজ নারায়ন ধর রোডের ‘আনোয়ার পলিমার’ কারখানায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মফিজুর রহমান (৪৮)। তিনি এই কারখানার নিরাপত্তকর্মী ছিলেন বলে পুলিশ জানায়। কারখানার মালিক দোলোয়ার হোসেনের শ্যালক জিতু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, “সন্ধ্যায় স্থানীয় সন্ত্রাসী বাদল ও মাহবুব দলবল নিয়ে কারখানায় হামলা চালায়। “এসময় কারখানার শ্রমিকরা প্রধান ফটক ভিতর থেকে আটকে দেন। কিন্তু মফিজুর রহমান বাইরে থাকায় তাকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।” গুরুতর আহত মফিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মফিজুরের বাড়ি বরিশালে। জিতু অভিযোগ করেন, গত রমজান মাসে বাদল ও মাহবুব এক লাখ টাকা চাঁদা দাবি করে। তখন চাঁদা না দিয়ে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়। জেল থেকে জামিনে ছাড়া পেয়ে তারা এ হামলা চালায় বলে তিনি জানান। চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকা- ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছেন বলেও ওসি জানান। মফিজুরের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২১৩২ ঘ.