২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাস এয়ারের ১২শ হজযাত্রী আটকা

তবে নাস এয়ারওয়েজ হাবকে জানিয়েছে, একদিন পর মঙ্গলবার রাতে তারা ওই হজযাত্রীদের নিয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের বেসরকারি বিমান সংস্থা নাস এয়ারওয়েজের উড়োজাহাজ না আসায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় ১২শ হজযাত্রী। সোমবার সন্ধ্যায় ওই ১২শ যাত্রীর ঢাকা থেকে রওনা হওয়ার কথা ছিল। তবে নাস এয়ারওয়েজ মঙ্গলবার রাতে তাদের নেয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মো. জামাল উদ্দিন। দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে এবছর শুধু বিমান, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ারওয়েজই হজযাত্রী পরিবহন করছে। হাব সভাপতি জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল রাত থেকে এখন পর্যন্ত নাস এয়ারের তিনটি ফ্লাইটে বিলম্বিত হয়। এ কারণে প্রায় ১২শ হজযাত্রী এখনো রওনা হতে পারেননি।” “আমরা নাস এয়ারের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলেছেন- আজ রাতের মধ্যেই সমস্যা সমাধান হবে,” বলেন তিনি। হজ অফিসার বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাসের একটি ফ্লাইটে সমস্যার কারণে বেশ কয়েকজন হজযাত্রী এখনো রওনা হতে পারেননি।” আটকে পড়া যাত্রীদের রাজধানীর বিভিন্ন হোটেলে রাখা হয়েছে বলে হাব সভাপতি জানান। এই বিষয়ে নাস এয়ারের বাংলাদেশ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নাস এয়ারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের যে উড়োজাহাজটি আসার কথা ছিল, তা সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি বলে এই সমস্যা সৃষ্টি হয়েছে। এটি প্রায় ১২ ঘন্টা বিলম্বে রয়েছে। একটি উড়োজাহাজে বিলম্ব হওয়ায় এর প্রভাব পড়েছে পরবর্তীগুলোতেও।” তবে মঙ্গলবার রাতের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান তিনি। শাহজালাল বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় নাস এয়ারওয়েজের একটি উড়োজাহাজে (এক্স ওয়াই-৫৯১৯) হজযাত্রীদের সৌদি আরবে রওনা হওয়ার কথা ছিল। তবে সেই উড়োজাহাজটি সময়মতো ঢাকায় না পৌঁছানোয় আটকা পড়েন হজযাত্রীরা। অন্যদিকে, একই দিন রাত ১০টা ২০ মিনিটে নাস এয়ারের অন্য একটি উড়োজাহাজ ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও তাও যেতে পারেনি। এ কারণেই ভোগান্তিতে পড়তে হয়েছে হজযাত্রীদের। গত বছর হজ পরবর্তী ফিরতি ফ্লাইট পরিচালনায় করতে গিয়ে নাস এয়ারের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছিল। এ কারণে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নাস এয়ারকে কালো তালিকাভুক্তও করে। এই বছর কোনো তৃতীয় বিমান সংস্থা বা থার্ড ক্যারিয়ারকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব দেয়া হয়নি। থার্ড ক্যারিয়ার না থাকায় হজযাত্রী পরিবহনে বিশৃঙ্খলা হতে পারে- শুরু থেকে এই দাবি করে আসছিল হজ এজেন্সিগুলো। এ বছর মোট ১ লাখ ১২ হাজার ৫৬৮ জন হজ করতে যাওয়ার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ২ হাজার ৯৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১ লাখ ৯ হাজার ৬০৩ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৭৫১ ঘ.