বরগুনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জব্দ করা টাকা আত্মসাতের অভিযোগে বরগুনার পাথরঘাটা থানার ওসি আজম খান ফারুকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার বরগুনার পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথ এ সংক্রন্ত আদালতের আদেশটি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন।
রোববার পাথরঘাটার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদুর রহমান এ পরোয়ানা জারি করেন। পরদিন (সোমবার) ছুটি নিয়ে তিনি আত্মগোপন করেন, বলেন এসপি।
গত ১৮ অগাস্ট ঝালকাঠির জিয়া ট্রেডার্সের তেলভর্তি একটি ট্যাঙ্কলরি আটক করেন ফারুকী। পরে ভেজাল পেট্রোল সরবরাহের অভিযোগে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করেন। এসময় তিনি আসামিদের কাছ থেকে লরির তেল বিক্রির তিল লাখ ৭৩ হাজার টাকাসহ তিনটি মোবাইল ফোন সেট জব্দ করেন।
পরে জিম্মানামায় স্বাক্ষর নিয়ে মোবাইল ফোন সেট ফেরত দিলেও টাকা ফেরত না দেওয়ার অভিযোগে ১৭ সেপ্টেম্বর রাজাপুর প্রান্ত ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আসলাম ওসি ফারুকীর বিরুদ্ধে মামলা করেন।
বাদীর আইনজীবী নাজনীন নাহার রনি জানান, আদালতের দেওয়া কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না দিতে পারায় ২০ সেপ্টেম্বর তাকে আদালতে তলব করা হয়।
“নির্ধারিত দিনে ফারুকী আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়,” বলেন নাজনীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬২৮ ঘ.
bdnews24