২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম চেম্বারের সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা

চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে ১০ কোটি টাকার এই মানহানি মামলা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 09:05 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। মো. তসলিম উদ্দিন নামের এক আইনজীবী মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম লুৎফুল মজিদ নয়নের আদালতে এ মামলা করেন। বাদী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য বলে আর্জিতে উল্লেখ করা হয়েছে। বাদীর আইনজীবী হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে। আইনজীবী বলেন, “চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোরশেদ ইব্রাহীম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে কটুক্তি করেছেন, যা অন্যায়। যা গত ২৩ সেপ্টেম্বরের চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণসহ বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমে তার বিবৃতি প্রকাশিত হয়েছে। “চেম্বার সভাপতি তার বক্তব্যে বলেছেন, ‘মহিউদ্দিন চরম দৈন্যদশা থেকে বিশাল সম্পদের মালিক হয়েছেন। তিনি ব্যবসায়ী না হয়েও প্রতিদিন তার বাসায় হাজার হাজার লোককে মেজবান খাওয়ান।’” মহিউদ্দিনের টাকার উৎস নিয়েও চেম্বার সভাপতি প্রশ্ন তোলেন বলে অভিযোগ করা হয় মামলায়। চট্টগ্রম বন্দরে ‘লুটপাটের’ বিরুদ্ধে সোচ্চার হয়ে মহিউদ্দিন বন্দর রক্ষা পরিষদ গঠন করায় মোরশেদ মুরাদ ওই ‘মানহানিকর’ বক্তব্য দিয়েছেন মন্তব্য করে মামলার আর্জিতে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মহিউদ্দিন চৌধুরী আন্দোলন শুরু করলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি এবং আওয়ামী লীগ দলীয় সাংসদ এম এ লতিফ এর বিরোধিতা করেন। এর এক পর্যায়ে এনসিটির টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হয়। এরপর গত ২২ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদপত্র কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহীম বন্দর নিয়ে মহিউদ্দিন চৌধুরীর আন্দোলন এবং তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৫০০ ঘ.