নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি ন্যায্য বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় চুক্তিগুলো সঠিকভাবে অনুসরণ করতে বিশ্বের শক্তিশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আইনের শাসন’ প্রতিষ্ঠা বিষয়ে সোমবার জাতিসংঘে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আলোচনায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, “আইনের শাসনের ভিত্তিতে একটি ন্যায্য বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হলে বহুপক্ষীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শক্তিশালী দেশগুলোকে অবশ্যই আন্তর্জাতিক আইনি কাঠামো, বহুপক্ষীয় চুক্তি, আন্তর্জাতিক আইনগুলো ন্যায্যতার ভিত্তিতে অনুসরণ করতে হবে।”
জাতিসংঘের ৬৭তম অধিবেশনের সভাপতি ভুক জেরেমিকের সভাপতিত্বে এই আলোচনায় জাতিসংঘ মহাসচিব বান কি মুনও উপস্থিত ছিলেন।
এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান, সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “গৃহযুদ্ধ, গণবিক্ষোভ, ধর্মীয় অসহিষ্ণুতা, আন্তর্জাতিক অপরাধ, সন্ত্রাসবাদ, দস্যুবৃত্তি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, আর্থিক ও জ্বালানি সংকটের মতো বিষয়গুলো আজকের পৃথিবীতে শান্তির জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশ রাষ্ট্রীয় ভূখণ্ডের ভেতরে এবং আন্তঃদেশীয় কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাস করে। সার্বভৌমত্ব, আঞ্চলিক ঐক্য ও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতেও বাংলাদেশ বিশ্বাসী।”
বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আলোচনার ফোরামগুলোতে সাম্য প্রতিষ্ঠা করতে উন্নয়নশীল দেশগুলোর বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়ানের ওপরও গুরুত্ব দেন শেখ হাসিনা।
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় উন্নয়নশীল দেশগুলোর সক্ষামতা বৃদ্ধির ক্ষেত্রেও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
বিশ্বজুড়ে আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি কর্মপরিকল্পনা তৈরির প্রস্তাব করেন সংস্থার মহাসচিব বান কি মুন।
তিনি বলেন, এই কর্মপরিকল্পনার উদ্দেশ্য হবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আইনে শাসন প্রতিষ্ঠার সুনর্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা এবং তা অর্জনের জন্য আলোচনার পথ তৈরি করা।
সভাপতির বক্তব্যে ভুক জেরেমিক বলেন, আন্তর্জাতিক আইনগুলোকে কোনো কাল্পনিক বিধি ব্যবস্থা বলে ভাবলে ভুল হবে।
“জাতিসংঘের প্রতিটি সদস্য দেশ- বড় কিংবা ছোট, ধনী কিংবা গরিব- সবাইকেই আইনের শাসন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইনগুলো মেনে চলতে হবে”, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০১২ ঘ.
bdnews24