২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট থেকেও হজযাত্রী নেবে বিমান

চট্টগ্রামের পাশাপাশি এবছর সিলেট থেকেও হজযাত্রী পরিবহন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমানমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাশাপাশি এবছর সিলেট থেকেও হজযাত্রী পরিবহন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমানমন্ত্রী ফারুক খান। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় হজ বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বিমানমন্ত্রী বলেন, “হজযাত্রীদের সুবিধার জন্য এবছর সিলেট থেকেও হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান।” কয়টি ফ্লাইট ও কবে থেকে তা শুরু হবে তা এখনো নির্ধারণ না হলেও মন্ত্রী আশা করছেন, দুই-একদিনের মধ্যে তা চূড়ান্ত করা হবে। চট্টগ্রাম থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালনার কথা থাকলেও যাত্রী সংখ্যা বেশি হওয়ায় আরো তিনটি ফ্লাইট বাড়ানো হয়েছে বলে জানান ফারুক খান। অর্থাৎ এবছর চট্টগ্রাম থেকে মোট আটটি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। হজযাত্রায় টিকিট পাওয়ার ক্ষেত্রে অনিয়মের যে অভিযোগ উঠেছে, তা নাকচ করে মন্ত্রী বলেন, “আমরা এ ব্যাপারে খোঁজ নিয়েছি। এ বছর সৌদি এয়ারলাইন্স ১২৪টি, নাস এয়ার ৫৮টি এবং বিমান ৮০টি হজ এজেন্সিকে টিকেটিংয়ের দায়িত্ব দিয়েছে। এখানে সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই।” গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শুরু হয়। ২০ অক্টোবর পর্যন্ত হজযাত্রী পরিবহনের কথা রয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার। বিমান ফিরতি ফ্লাইট শুরু করবে ১ নভেম্বর থেকে, শেষ হবে আগামী ২৯ নভেম্বর। নাস এয়ারের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ অক্টোবর, শেষ হবে ২৮ নভেম্বর। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স হজ পরবর্তী ফিরতি ফ্লাইট শুরু করবে ৩০ অক্টোবর এবং শেষ হবে ৩০ নভেম্বর। এ বছর মোট ১ লাখ ১২ হাজার ৫৬৮ জন হজ করতে যাওয়ার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে বিমান পরিবহন করছে ৫৬ হাজার ২৮৪ জনকে। মন্ত্রী জানান, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান। লন্ডন থেকে ৩০ সেপ্টেম্বর বিমানের নিজস্ব বোয়িং-৭৭৭ সকাল সাড়ে ৮টায় সিলেট এসে পৌঁছাবে। বোয়িংয়ের জন্য সিলেট বিমানবন্দরের রানওয়ে এবং অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে বলে জানান মন্ত্রী। ভাড়ায় আনা একটি বিমান হঠাৎ চরে যাওয়ায় বিমানের ফ্লাইটসূচিতে যে বিপর্যয় নেমে এসেছে, তা কেটে যাচ্ছে বলেও জানান ফারুক খান। তিনি বলেন, “লিজে নেয়া বোয়িং ৭৬৭ কাল চলে আসবে এবং বিমানের একটি ডিসি-১০ ও এয়ারবাস সচল করা হয়েছে। আশা করি, নিয়মিত যাত্রী পরিবহনে কোনো সমস্যা থাকবে না।” চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পর্তুগালের বিমান সংস্থা এয়ার আটলান্টা থেকে ভাড়ায় আনা একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ গত ১২ সেপ্টেম্বর চলে যাওয়ার পর বিমানের নিয়মিত ফ্লাইটসূচিতে বিপর্যয় সৃষ্টি হয়। এয়ার আটলান্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান বিমানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২১১০ ঘ.