চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফটোকপি পেতে দেরি হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি ফটোকপির দোকান ও বাংলা বিভাগ ভাঙচুর করেছে ছাত্রলীগ।
সোমবার দুপুরে চবি’র কলা ও মানববিদ্যা অনুষদে এ ঘটনা ঘটে।
এ সময় ফটোকপির দোকানদার মাসুদ মিয়া ও বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. শামীমকে মারধর করা হয়।
চবি কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, এই অনুষদের নিচতলায় মাসুদের ফটোকপির দোকানে ফটোকপি করতে যায় চবি ছাত্রলীগ শাখার সংস্কৃতি বিষয়ক সম্পাদক জমির উদ্দিন। এর আগে শামীমও একই কাজে সেখানে যায়।
এ সময় জমির দ্রুত ফটোকপি করতে দোকানদারকে ধমক দেয়। এসময় মাসুদ মিয়া জানায় যে, শামীম আগে এসেছে তাই তার ফটোকপির কাজ আগে করা হবে।
এতে জমির ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়।
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্য ও পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সময় মাসুদ শামীমকে জমিরের আগে ফটোকপি করে দিতে চাইলে তাকে মারধর করে জমির। পরে ফটোকপির যন্ত্রাংশসহ আসবাবপত্র ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা।
এ সময় শামীম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলা বিভাগে গিয়ে তাকে না পেয়ে বিভাগের দরজা জানালার কাঁচ ভাঙচুর করে।
চবি প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের কিছু ছেলে একটি ফটোকপির দোকান ও বাংলা বিভাগে ভাঙচুর করেছে। যারা এ ঘটনায় জড়িত তাদেরকে শনাক্ত করে শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০৫১ ঘ.
bdnews24